২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা লাল্টুর ওপর হামলার ঘটনায় আটক ৩

ভাঙ্গা উপজেলার পাতরাইলে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাবুদ্দিন লাল্টু ও তার সফরসঙ্গীদের উপর হামলার ঘটনায় পুলিশ সোমবার রাতে তিনজনকে আটক করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আটকৃতরা হলো এমদাদ (২২), লুইস (২৫) ও স্বপন (৩০)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ পর্যন্ত কোন মামলা হয়নি।

এদিকে, ১৪ দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করার অভিযোগে ১৪ দল ছাত্রদল নেতা লাল্টুসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার ভাঙ্গায় এক সমাবেশ করেছে।

এদিকে থানা বিএনপিও লাল্টু ও তার সফরসঙ্গীদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া মামলা করার প্রস্তুতিও চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লাল্টুসহ পাঁচ নেতাকর্মীর অবস্থা বর্তমানে উন্নতির দিকে।

উল্লেখ্য ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহাবুদ্দীন আহমেদ লাল্টু সোমবার স্বপরিবারে ভোলা থেকে ঢাকা ফেরার পথে বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের বিশ্বরোড মোড়ে পৌছালে ১৪ দলের নেতা--কর্মীদের অবরোধের মুখে পড়েন। এসময় গাড়িবহর থেকে গুলিবর্ষণের খবর পেয়ে ভাঙ্গা--মাওয়া সড়কের মালিগ্রামের সলিলদিয়া--পাতরাইল এলাকায় ব্যারিকেড দিয়ে স্থানীয় জনতা তাদের গাড়িবহর আটকে দেয়। এসময় উত্তেজিত জনতার হামলায় সাহাবুদ্দীন লাল্টুসহ কমপক্ষে ছয়জন গুরুতর আহত হন।