সাতক্ষীরায় আহত আ. লীগ কর্মী মারা গেছেন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় ১৪ দল ও চার দলীয় জোটের সংঘর্ষে আহত আওয়ামী লীগ কর্মী কেনারাম দাস (২৫) সোমবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত কেনারামের লাশ খুলনা থেকে তার নিজ গ্রাম সখিপুর নিয়ে আসা হয়েছে। কেনারাম সখিপুর গ্রামের তারকচন্দ্র দাসের ছেলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশের ময়নাতদন্তের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। দেবহাটা এলাকায় এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কেনারামের মৃতুতে দেবহাটায় ১৪ দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি চলছে।
দেবহাটা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, শনিবার অবরোধ কর্মসূচি চলাকালে দু দলের সংঘর্ষের সময় বিএনপি - জামায়াত সমর্থকরা কেনারামকে মারধর করে। মারাত্মক আহত অবস্থায় ওইদিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ১ টা ৩০ মিনিটে তিনি মারা যান।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, অসুস্থতার কারণেও তার মৃত্যু হয়ে থাকতে পারে। ১৪ দলের অবরোধ চলাকালে কেনারাম দৌড়াতে গিয়ে পড়ে আঘাত পায় বলে তিনি জানান।
দেবহাটার আওয়ামী লীগ নেতারা ইউএনওর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।
