সিইসি নীরব
সম্পুর্ণ নীরবতা পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাঁকে রোববার নির্বাচনের সব প্রস্তুতি অব্যাহত রাথার নির্দেশ দেন। এ ব্যাপারে সাংবাদিকরা সোমবার তাঁর সঙ্গে কথা বলতে চান। কিন্তু এড়িয়ে যান তিনি।
বেলা ১২ টা থেকে সিইসির একান্ত সচিবের কক্ষে গণমাধ্যমের প্রায় ৩০জন প্রতিনিধি দুঘণ্টা অপেক্ষা করেও সিইসির সাক্ষাত পাননি। এক পর্যায়ে একান্ত সচিবের মাধ্যমে সিইসিকে নির্বাচনের প্রস্তুতি ও কমিশন সংস্কারের বিষয়ে দুটি প্রশ্ন লিখে পাঠানো হয়। সাংবাদিকরা তাঁকে এ -- ও বলে পাঠান যে, এই প্রশ্ন দুটির বাইরে অন্য কোনো প্রশ্ন তাঁকে করা হবে না। কিন্তু এতো কিছুর পরও সিইসির মন গলেনি।
বেলা ২ টার দিকে তিনি সাংবাদিকদের চোখ এড়িয়ে তড়িঘড়ি করে অফিস কক্ষ ত্যাগ করেন।
প্রসঙ্গত, মাস দুয়েক ধরে সিইসি সাংবাদিকদের এড়িয়ে চলছেন। অথচ নবম জাতীয় সংসদ নির্বাচনের বাকী আছে আর মাত্র দুমাস।
