বিক্ষোভে উত্তপ্ত সচিবালয়
জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের পর প্রথম কার্যদিবস সোমবার ‘সুবিধাভোগী’ ও ‘সুবিধা বঞ্চিত’ কর্মকর্তা--কর্মচারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে সচিবালয়।
সাবেক সরকারের ‘অনুগত ও সুবিধাভোগী’ কর্মকর্তা বলে পরিচিতরা দলবেধে মিছিলের মতো করে গোটা সচিবালয়ের সবগুলো ভবনে যান। প্রত্যক্ষদর্শীরা বলেন, তাদের সহযোগিতা করে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা।
এই মিছিলে নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই সহকারী একান্ত সচিব সামসুল আলম ও আব্দুল মতিন চৌধুরী, সংযুক্ত কর্মকর্তা --কর্মচারী পরিষদের নেতা আব্দুল খালেক ও স্টেনো টাইপিস্ট সমিতির মহাসচিব বাদিউল কবীর। মিছিলে অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় পদোন্নতি ‘বঞ্চিত ও বিক্ষুব্ধ’ কর্মকর্তাদের নাম ধরে খুঁজতে থাকেন। এই কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রী পরিষদ সচিব ও সংস্থাপন সচিবের সাথে সাক্ষাত করে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
এদিকে জোট সরকারের পাঁচ বছরে ‘পদোন্নতি ও সুবিধা বঞ্চিত’ এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে কর্মরত যুগ্ম সচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা সোমবারও মন্ত্রি পরিষদ বিভাগ ও সংস্থাপন মন্ত্রণালয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোট সরকারের বিভিন্ন সময়ে ‘পদোন্নতি বঞ্চিত’ ও ওএসডিরা সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ শাখার (এপিডি) যুগ্ম সচিব হাফিজুর রহমান ভূঁঞার দপ্তরের সামনে পদায়ণ ও বসার ব্যবস্থা করার দাবি জানান। এ সময় জোট সরকারের শেষ দিনে ওএসডি হওয়া বেশ কিছু কর্মকর্তাও সংস্থাপন মন্ত্রণালয়ে যোগ দিতে যান। এক পর্যায়ে তারাও নিজেদের পদায়ণ ও বসার ব্যবস্থা করার দাবি জানাতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সাবেক সরকারের ‘অনুগত’ কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভকারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং তাদের ছবি তোলারও চেষ্টা করেন। এ সময় সংস্থাপন মন্ত্রণালয়ের দুই কর্মচারী বিক্ষুব্ধ কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারও করেন।
তারা জানান, বিক্ষোভকারীরা প্রতিপক্ষ গ্র“পকে বিএনপি ও জামাতের ক্যাডার হিসেবে অভিহিত করে তাদের গালিগালাজ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে। এতে পুলিশ ও সাবেক সরকার সমর্থকদের সাথে বিক্ষোভকারীদের উত্তপ্ত বাকবিতন্ডা হয়।
বেলা আনুমানিক পৌণে ১২টায় পদোন্নতি ‘বঞ্চিত’ কর্মকর্তারা মন্ত্রি পরিষদ সচিবের কক্ষে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর সফরউদ্দিন তাদের বাধা দেন। এ সময় ‘বঞ্চিত’দের মধ্যে জনৈক কর্মকর্তা তাকে ধাক্কা মারেন। এতে তার হাতের মোবাইল সেটটি পড়ে ভেঙ্গে যায়। এ সময় সচিব কক্ষে না থাকায় তারা নিচে সংস্থাপন মন্ত্রণালয়ে নেমে আসেন।
এক পর্যায়ে অন্যান্য কর্মকর্তাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সংস্থাপন মন্ত্রণালয় থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে যান।
সাংবাদিকদের সাথে আলাপকালে বিক্ষোভকারী কর্মকর্তারা দাবি করেন মন্ত্রি পরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের সব ক্ষেত্রেই সাবেক সরকার দলীয় লোকদের বসানো হয়েছে। এসব মন্ত্রণালয় ও বিভাগের ‘টপ টু বটম’ সবাইকে সরিয়ে নিরপেক্ষ লোকদের না বসানো হলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব নয়।
এসব কর্মকর্তা নিজেদের নির্দলীয় দাবি করে বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, কোন দলের নই। কিন্তু বিগত সরকার আমাদের দলীয় বিবেচনায় পদোন্নতি ও পদায়ণ থেকে বঞ্চিত করে নিজেদের দলীয় লোকদের বিভিন্ন পদে নিয়োগ করেছে। একই ব্যাচের কর্মকর্তা হয়েও অনেকে যখন যুগ্ম সচিব হয়েছেন, তখন অনেকেই সিনিয়র সহকারি সচিবই রয়ে গেছেন। তারা অন্যায়ভাবে ‘পদোন্নতি ও পদায়ণ বঞ্চিত’দের অবিলম্বে পদোন্নতি ও জ্যৈষ্ঠতাসহ পদায়ণ করার দাবি জানান।
এ অবস্থার অবসান না হলে প্রতিদিনই সচিবালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা জানান।
তারা আরো জানান, বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়েই প্রায় ৪০০ ওএসডি রয়েছেন। এছাড়া ‘পদোন্নতি বঞ্চিত’ বিক্ষুব্ধ কর্মকর্তার সংখ্যা প্রায় এক হাজার। এ বিষয়ে মন্ত্রি পরিষদ সচিব ও সংস্থাপন সচিবের সাথে তারা কথা বলবেন। এতে সুবিচার না পেলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সাথেও তারা দেখা করবেন।
