রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক প্রধানের দায়িত্ব গ্রহণ ইতিবাচক
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের শপথ ও দায়িত্ব নেয়াকে জাতীয় সংসদের স্পিকার, বিদায়ী সরকারের মন্ত্রী ও জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
বঙ্গভবনে রোববার রাতে রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জাতীয় সংসদের স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তার দায়িত্ব পালনের মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধান করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় মতবিরোধ থাকতে পারে। কিন্তু গণতন্ত্র ব্যাহত হয়, এমন কোন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করা উচিত নয়।
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও বিশৃংখলার সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে রাষ্ট্রপতি নিজেই দায়িত্ব নিয়েছেন। আমি বিশ্বাস করি, রাষ্ট্রপতি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবেন।
জামাতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগ খোড়া যুক্তি দিয়ে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। কেএম হাসানের মতো একজন লোকের বিরোধিতা করে তারা অপরাজনীতির কৌশল নিয়েছিল। তারা ওই পদের জন্য যার নাম প্রস্তাব করেছিল, তিনি সংবিধান অনুযায়ী উপদেষ্টা হতে পারেন না। রাষ্ট্রপতি গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক সংকট উত্তরণের দায়িত্ব নিজে নিয়েছেন।
এদিকে রাষ্ট্রপতি নিজেই শপথ নিয়ে বেরিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ‘আমার জন্য দোয়া করবেন যেন এই রাজনৈতিক সংকট নিরসন করতে পারি। তিনি আরো বলেন, শিগগিরই উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া এ ব্যাপারে কোন মন্তব্য করেননি।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, শপথ অনুষ্ঠানে বিরোধী দলের উপস্থিত না হওয়া দু:খজনক। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী যে দায়িত্ব নিয়েছেন তা মেনে নিয়ে বিরোধী দলের আগামী নির্বাচনে অংশ নেয়া উচিত। তিনি বলেন, রাষ্ট্রপতি অনেকগুলো অপশন কার্যকর করা চেষ্টা করেছেন। কিন্তু এতে কোন ফল না হওয়ায় তাঁকেই এ অতিরিক্ত দায়িত্ব নিতে হয়েছে।
দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারার জন্য তিনি স্বস্তি প্রকাশ করেন।
