২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি ও আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের হামলা, ৩ শিক্ষক আহত

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ রোববার সকালে ব্যাপক ভাংচুর চালিয়েছে। আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের হামলায় তিন শিক্ষক আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

কৃষি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার সকালে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে এবং ছাত্রদলের অফিস ভাংচুর করার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া --পাল্টা ধাওয়া হয়। পরে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন, বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়, কৃষি সম্প্রসারণ ভবনে হামলা ও ভাংচুর চালায়। এর আগে সকাল ১১ টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়। তারা গত পাঁচ বছরে ছাত্রদলের অন্যায় অত্যাচারের বিচার ও হলে আসনের দাবি জানায়। পরে উপাচার্য তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা মিছিল নিয়ে চলে আসে। ঘটনার পর ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

অপরদিকে আনন্দ মোহন সরকারি কলেজের গণিত বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে ছাত্রলীগ ভাংচুর করেছে। এ সময় হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শহিদুল্লা, গণিত বিভাগের শিক্ষক আমির হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষক রেজাউল করিমসহ তিন শিক্ষক আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক পরিষদ এক জরুরি বৈঠকে বসে।