২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় আ’লীগের মিছিলে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৬

কাপাসিয়ার সাফাইশ্রী এলাকায় শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের মিছিলে বিএনপি কর্মীদের গুলিতে ছয়জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপাসিয়া শহরের সাফাইশ্রী এলাকায় বিএনপি নেতা ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় সশস্ত্র বিএনপি কর্মীরা জমায়েত হচ্ছে এমন খবর পাওয়ার পর আওয়ামী লীগ নেতা--কর্মীরা বিকেলে কাপাসিয়া বাজারে সমাবেশ করে।

সমাবেশ থেকে আধ ঘণ্টার মধ্যে হান্নান শাহর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সশস্ত্র কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলে পৌণে ৬টার দিকে কয়েকশ নেতা--কর্মী লাঠি, বৈঠা ও লগি নিয়ে সাফাইশ্রী এলাকার দিকে অগ্রসর হতে থাকে।

মিছিলটি হান্নান শাহর মালিকানাধীন ইটের ভাটার কাছে পৌঁছুলে সশস্ত্র বিএনপি কর্মীরা গুলি চালায়। এ সময় কাপাসিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিশোর মাহমুদ (২২) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ূম দর্জি (২৫) মাথায় গুলিবিদ্ধ হন। এদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আহতদের বাকিরা হলেন ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম নুরু (২৫), জুয়েল (২৬), আল আমিন (২২), সোহাগ (২৩)। এছাড়া মান্নান (৩৫) ও বাদল (৩২) নামে আরও দুই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন বলে দলের স্থানীয় শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন দাবি করেছেন।

পরে আওয়ামী লীগ নেতা--কর্মীরা হান্নান শাহর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ কাপাসিয়ায় আনা হয়।

আওয়ামী লীগ নেতা রুহুল আমিন অভিযোগ করেন, হান্নান শাহ নিজ হাতে গুলি ছুঁড়েছেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় পুলিশের নিষ্ক্রীয় ভূমিকার প্রতিবাদে তারা রোববার সকালে কাপাসিয়া থানা ঘেরাও কর্মসূচি পালন করবেন।

এ ব্যাপারে হান্নান শাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন দুপক্ষের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করেন। তবে গুলিবর্ষণের সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান।