২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২০

জেলার মীরপুরে শনিবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে বশির (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

একই স্থানে কর্মসূচি পালন নিয়ে দুপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ নেতা--কর্মী গুলিবিদ্ধ হন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মীরপুরের ঈগল চত্বরে বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির সভা শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সাংসদ শহীদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ নেতা--কর্মীরা বিকেল ৫টার দিকে লগি, বৈঠা ও লাঠি নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলসহ ঈগল চত্বরের দিকে এগিয়ে আসে। এ সময় পাশের বিএনপি কার্যালয়ের দিক থেকে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে এক মিছিলকারী গুলিবিদ্ধ হন।

এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকরা ঈগল চত্বর মাঠ দখল করে নেয়। তারা মীরপুর বাজারে বিএনপির একটি ডিজিটাল পোস্টার ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে।

সংঘর্ষের সময় বিএনপি নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নিলে আওয়ামী লীগ কর্মীরা কার্যালয়ের সামনে রাখা দুটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। সেখানে তাদের প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও বিডিআর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ঘটনার পর সন্ধ্যায় বিএনপি সমর্থকরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহেদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরা মশালে স্থানীয় বিএনপি দলীয় সাংসদ শহীদুল ইসলামের মালিকানাধীন দিশা কমিউনিটি হাসপাতালে আগুন ধরিয়ে দেয়। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত আলী রাব্বানের মালিকানাধীন জয়মন ফার্মেসিতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।

পরে বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নেভাতে এসে ফায়ার ব্রিগেডের দুটি গাড়িও ভাংচুরের শিকার হয়।