ঢাবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বের করে দিয়েছে ছাত্রদল
ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বের করে দিয়েছে। সে সময় ছাত্রদলের ক্যাডাররা চার রাউন্ড গুলি ও চারটি বোমার বিস্ফোরনও ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে ছাত্রলীগের নেতা কর্মীরা টিএসসিতে জড়ো হতে শুরু করে। খবর পেয়ে মধুর ক্যান্টিন থেকে অস্ত্র-শস্ত্র নিয়ে ছাত্রদল নেতা-কর্মীরা বের হয়ে আসে এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এসময় আহত হয় পাঁচজন। তাদের মধ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক কামরুল হাসানও রয়েছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েলের একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেয় ছাত্রদলের নেতা কর্মীরা।
এদিকে হলসহ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। ক্যাম্পাসে রয়েছে বিডিআরের পাহারাও।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে তেজগাঁ ও থানা যুব মহিলা লীগের নেতা-কর্মীরা লাঠি, বৈঠা নিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার শিকার হয়।
যুব মহিলালীগের সভাপতি শামীম রহমান ও কর্মী উম্মে কুলসুমকে ছাত্রদলের নেতা কর্মীরা মারধরও করে।
