২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে গিয়ে একমত হলেন জলিল ও ভূঁইয়া

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, রোববার সন্ধ্যা নাগাদ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করবে। মান্নান ভূঁইয়া ও তিনি এ ব্যাপারে একমত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও বিএনপি মহাসচিব আব্দুল জলিলের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের জলিল বলেন, ‘রাষ্ট্রপতি একটি শান্তিপূর্ণ সমাধানের আমাদের ডেকেছিলেন। আমরা আলোচনা করেছি। আমরা সংবিধান অনুযায়ীই এ সমস্যার সমাধান চেয়েছি। আমরা বলেছি, কেএম হাসান বা বিচারপতি আজিজ বাদে অন্য যে কাউকে নিয়েই আগামীকালের (রোববার) মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এজন্য যা কিছু করার রোববারের মধ্যেই করতে হবে।

জলিল বলেন, বিচারপতি কে এম হাসান রাষ্ট্রপতির কাছে এক চিঠিতে প্রধান উপদেষ্টা হতে অসম্মতি জানিয়েছেন। তিনি জানান, রাষ্ট্রপতির কাছে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে কারও নাম উল্লেখ করেননি।

তিনি জানান, বিষয়টি নিয়ে দলের সভানেত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন এবং সিদ্ধান্ত যা নেবার তিনিই নেবেন।

এদিকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, ‘বৈঠকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সমস্যার সমাধান হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘দেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি এড়াতে সমঝোতার জন্য রাষ্ট্রপতি ডেকেছিলেন। তাঁর উপস্থিতিতে দুপক্ষের প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছি। এখন এ বিষয়ে উভয় পক্ষই নিজ নিজ দলের নেত্রী এবং জোটের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবো।’

এদিকে শনিবার সকাল থেকে সরকারের ঘোষণা এবং বিরোধী কর্মসূচির কারণে সংঘাতময় হয়ে ওঠা রাজনৈতিক অস্থিরতা নিরসনে দেশের মানুষের দৃষ্টি ছিল বঙ্গভবনের দিকে। এ নিয়ে বঙ্গভবন ও আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।

শনিবার ভোর থেকেই বঙ্গভবন ও আশেপাশের এলাকায় পাঁচ শতাধিক র‌্যাব, পুলিশ, এপিবিএন ও বিডিআর সদস্য মোতায়েন করা হয়। এরা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব হাতে নেয়।

সকাল সোয়া ১১টায় বঙ্গভবনের সামনের সকল সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়। বেলা পৌনে ১টায় পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা পশ্চিম প্রান্তের সড়কে ব্যারিকেড বসিয়ে দেয়।

তবে ১২টা ৫০ মিনিটে পল্টনের দিকে পরপর তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণের পর পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে সংশ্লিষ্টরা তৎপর হয়ে ওঠে। বেলা সোয়া ১টার দিকে সাদা পোশাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কয়েকজন সদস্য ও একজন মেজর সেখানে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রধান ফটক থেকেই ফিরিয়ে দেয়া হয়।