২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আ’লীগ নেতার সমর্থকদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২,আহত ৪

হাজীপুরে শনিবার দুপুরে আওয়ামী লীগ নেতা ইউসুফ খাঁন পিন্টুর সমর্থকরা হাজীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইউপি চেয়ারম্যান এবং তার ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে।  এছাড়া তাদের গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও চার ব্যক্তি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

নিহতরা হলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম(৩৫) ও তাঁর ছোট ভাই রিপন(৩০)। এছাড়া আহতরা হলেন চেয়ারম্যানের বড় ভাই মাহালম মেম্বার (৪৫), এলেম মিয়া(৩৩), শামীম(৩০) ও হান্নান(৩৫)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইউসুফ খাঁন পিন্টুর সাথে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে সাইফুল চেয়ারম্যানের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুর ২টার দিকে পিন্টুর লোকজন সাইফুল চেয়াম্যানের বাড়ির সামনে তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি চালায়। এ সময় চেয়ারম্যানের ভাই রিপন ও মাহালম মেম্বারসহ বাড়ির অন্যান্য সদস্য এগিয়ে এলে পিন্টুর লোকজন তাদের ওপরও গুলি চালায়। এতে আরও পাঁচ জন গুলিবিদ্ধ  হন।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার চেয়ারম্যান ও তার ছোট ভাই রিপনকে মৃত ঘোষণা করেন। অন্যান্যরা গুরুতর অবস্থায়  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সাইফুল চেয়ারম্যানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ তাঁর লাশ দেখতে হাসপাতালে ভীড় জমায়।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে বলে এলাকাবাসী আশংকা করছে।