ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসে হামলা, ২৫ যাত্রী আহত, রেল চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ রেল স্টেশনে ১৪ দলের নেতাকর্মীরা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে আহত হয় ২৫ জন যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১১টায় এ হামলা চালানো হয়। বিক্ষুব্ধরা আশুগঞ্জ রেল ষ্টেশনের সিগন্যাল উপড়ে ফেলে। এতে ঢাকার সাথে পূর্বাঞ্চল রেল পথের যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শুক্রবার রাত ৮টায় জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ বোমা হামলায় নিহত হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
শনিবার সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন আল রশীদ এমপির নেতৃত্বে নিহতের লাশ নিয়ে শহরে মিছিল বের করা হয়। মিছিল শেষে নিহতের লাশ তার কাউডলীর বাসভবনে নিয়ে যাওয়া হয়। পৌর মুক্তমঞ্চে নিহতের নামাজের জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে।
শহরের পরিস্থ্িিত নিয়ন্ত্রণে রাখতে দুজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন প্লাটুন বিডিআর ও পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
