রাজশাহীর চারঘাট--বাঘায় কবীর হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী--৫ (চারঘাট--বাঘা) আসনের সাংসদ সাবেক প্রতিমন্ত্রী কবীর হোসেন এলডিপিতে যোগদান করায় তাকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার চারঘাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এছাড়া বৃহস্পতিবার রাতে জেলা ও মহানগর বিএনপির এক জরুরি সভা থেকে কবীর হোসেনসহ এলডিপিতে যোগদানকারী নেতাদের রাজশাহীর সবখানে অবাঞ্ছিত ঘোষণাসহ তাদের প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীতেও কবীর হোসেনসহ এলডিপির নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা--কর্মীরা।
যুবদলের জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ করে। মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের উপস্থিতিতে ওই সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মিজানুর রহমান মিনুসহ অন্যান্যরা।
দলীয় সুত্রে জানা গেছে, কবীর হোসেন এলডিপিতে যোগ দেওয়ায় খবর জানার পর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিটি মেয়র মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে জেলা ও মহানগর বিএনপির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মিনু উপস্থিত নেতা--কর্মীদের এই মর্মে শপথ বাক্য পাঠ করান যে, তারা নবগঠিত এলডিপিতে যোগ দেবেন না। উপস্থিত জেলা ও মহানগরীর দেড় শতাধিক নেতা--কর্মী এই শপথ বাক্য পাঠ করেন। পাশাপাশি এলডিপিকে রাজশাহীতে কোনো সভা--সমাবেশ করতে না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে চারঘাটে বিকেল সাড়ে ৪টায় থানা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। ডাকবাংলো মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট চারমাথার মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে থানা ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ--সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, পৌর ছাত্রদল সভাপতি জহুরুল ইসলাম, থানা যুবদলের সভাপতি নুরুল আমিন, সহ--সভাপতি নজরুল ইসলাম ডন, ও ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামালউদ্দিন প্রমুখ।
বক্তারা কবীর হোসেনকে চারঘাট--বাঘার সবখানে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাকে ঘরে ঘরে প্রতিরোধের ডাক দেওয়া হয়। মিছিলে কবীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
এদিকে এলডিপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর মহানগরীর উপশহরে কবীর হোসেনের বাসায় পুৃলিশ মোতায়েন করা হয়।
কবীর হোসেন রাজশাহীতে অবস্থান করলেও বৃহস্পতিবার থেকে নগরী অথবা তার নির্বাচনী এলাকার কোথাও যাননি বলে জানা গেছে।
