২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি অফিস ভাংচুর, বাড়িঘরে হামলা

১৪ দলের নেতাকর্মীরা শনিবার সদর ও পৌর বিএনপি কার্যালয়সহ বিএনপি নেতাদের দোকান ও বাড়িতে দফায় দফায় হামলা চালিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

চাঁপাইনবাবগঞ্জ--সোনামসজিদ মহাসড়কে ব্যারিকেড দেওয়ায় দেশের অবশিষ্ট অংশের সাথে বন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা কলেজ মোড়ে স্থানীয় দুই বিএনপি নেতার মটর সাইকেল ভাংচুর করে। এর কিছুক্ষন পর বিক্ষুব্ধ কর্মীরা ঝিলিম রোডে বিএনপি নেতার টেকো ইলেকট্রনিক্সের শো-রুমে হামলা চালায়।

পরে ১৪ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে শান্তি মোড়ের দিকে যাওয়ার সময় নিমতলায় বিএনপির উপজেলা কার্যালয়ে ভাংচুর চালায়। একই সময় তারা কলেজ রোডে বিএমএ-এর সাধারণ সম্পাদক ও ড্যাবের সভাপতি ডাঃ ময়েজ উদ্দিনের বাসায় ভাংচুর চালায়। এছাড়া দুপুরে সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রাণীহাটির ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফের বাড়িতে হামলা চালায়। 

এছাড়া ১৪ দল কর্মীরা গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাক বাংলো মাঠে বিএনপি নির্মিত মঞ্চ ভাংচুর করেছে বলে জানা গেছে। শনিবার বিকালে এখানে সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়ার বক্তব্য রাখার কথা ছিল।