নিরাপত্তার চাদরে ঢেকে গেছে রাজধানী
জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের সময় আইন--শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ৫০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা রক্ষার্থে প্রশাসনিক প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল কোন ধরনের সহিংসতাকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করে রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে পুলিশ সদর দপ্তর বিভিন্ন জেলা থেকে এর ১৫ হাজার সদস্যকে ঢাকায় তলব করেছে।
এছাড়া পুলিশ লাইন থেকে আরও ১৫ হাজার সদস্য, ৬০০ বিডিআর সদস্য ও র্যাবের পাঁচটি ব্যাটালিয়ন থেকে প্রায় দুই হাজার সদস্য এদের সাথে যোগ দেবে বলে একটি সূত্র জানিয়েছে।
বিডিআর সূত্র নফহবংি২৪.পড়স কে জানায়, পুলিশকে সহায়তা করার জন্য ঢাকার বাইরে যে ৪০ টি ব্যাটালিয়ন আছে তার প্রত্যেকটি থেকে দুই প্লাটুন করে মোট ৮০ প্লাটুন বিডিআর সদস্যকে ঢাকায় আনা হয়েছে।
র্যাব সদস্যরা ঢাকার কূটনৈতিক পাড়ায় নজরদারি করবে।
শুক্রবার সকাল থেকেই নগরীর প্রতিটি রাস্তার মোড়ে ও চৌরাস্তায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী নফহবংি২৪.পড়স প্রতিনিধিরা জানান, র্যাব সদস্যরা পুরো রাজধানীর ওপর কড়া নজরদারি করছে।
একটি সূত্র জানায়, ক্ষমতা হস্তান্তরের সময় অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কায় শুক্রবার সকাল থেকে নগরীতে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহবুবুর রহমান মোল্লা নফহবংি২৪.পড়স কে জানান, ‘ক্ষমতা হস্তান্তর উপলক্ষে র্যাবের বিশেষ কোনো দায়িত্ব না থাকলেও আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’
এছাড়া সরকার বদলের মুহূর্তে সারাদেশের সব জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার দেওয়া এক সরকারি আদেশে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জেলায় কর্মস্থলে পূর্ণাঙ্গ সতর্কাবস্থায় থাকতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা ম্যাজিস্ট্রেট নফহবংি২৪.পড়স কে জানান, ওই আদেশ ও টেলিফোনে নির্দেশ পেয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন।
‘সর্বত্র রেড অ্যালার্ট এর মতো পরিস্থিতি বিরাজ করছে’ বলে তিনি মন্তব্য করেন।
