২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাতে ইসলামী দুর্নীতিবাজ দল:আমিনী

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী শুক্রবার বলেছেন, ‘জামাতে ইসলামী বাংলাদেশ কোনো ইসলামী দল নয়’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

‘জামাত দূর্নীতিবাজ রাজনৈতিক দল’ শুক্রবার লালবাগে ঐক্যজোটের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আমিনী বলেন, চারদলীয় জোটে থেকে জামাত বিভিন্ন ধরণের ফায়দা লুটেছে। এমনকি তারা ঈদের চাঁদ দেখা নিয়েও রাজনীতি করেছে। ইসলামী ফাউন্ডেশন ও চাঁদ দেখা কমিটি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আর এই ষড়যন্ত্রের সাথে জামাত জড়িত।

আমিনী বলেন, পাপীদের সাথে জোটে থেকে আমরাও পাপের ভাগিদার হয়েছি। তার মতে  জামাত নেতারা নিজেদেরকে ইসলামের ‘সোল এজেন্ট’ মনে করেন।

সাবেক সেনা কর্মকর্তা অলি আহমদের মতো তার দলও বিএনপির ‘ঢালাও দুর্নীতি’র কারণে জোট ত্যাগ করবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় দুর্নীতিবাজ দলের চেয়ে ছোট দুর্নীতিবাজ দলের সাথে থাকা উত্তম।

অবশ্য সাংবাদিকদের এক প্রশ্নে আমিনী বলেছেন, ‘দুর্নীতিবাজদের সঙ্গে থাকা হারাম’।

আমিনী বলেন, ‘চাঁদ দেখা দিয়ে জামাত ও ইসলামী ফাউন্ডেশনের সাথে দ্বিমত হলেও জোট ত্যাগের বিষয়ে কোন চিন্তা এখনও তাদের নেই’। আমিনী অভিযৈাগ করেন, ২৪ অক্টোবর দেশের বিভিন্ন জায়গায় ইসলামী ঐক্যজোটের আহ্বানে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার সময় জামাতে ইসলামীর লোকেরা হামলা করেছে।

‘এমনকি আজকেও (২৭ অক্টোবর) শাহজাহানপুর জামে মসজিদে জুম্মার নামাজের সময় খুতবার সময় মুফতি মনসুরকে হামলারও চেষ্টা করে জামাতের লোকরা’ আমিনী অভিযোগ করেন।

অন্যান্যের মধ্যে এসময় চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সুলতান যওক নদভী, ফেনী মোহতামিম লালপুর ম্রাদাসার প্রিন্সিপল, মুফতি সাঈদ আহমদ, বারিধারা মোহতামিম মাদ্রাসার প্রিন্সিপল নূর হোসাইন কাসেমী, ময়মনসিংহ মাখযানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপল মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপল হিফজুর রহমান এবং টাঙ্গাইল বানরগাছি মাদ্রাসার প্রিন্সিপল মুফতি গোলাম মোস্তফা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।