২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তিকেই মেনে নিতে হবে: খালেদা

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি যাকে নিয়োগ দেবেন তাকেই মেনে নিতে হবে। শুক্রবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণ সমাবেশে বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়া একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা বলেন, ‘এখন থেকে যে ভাষায় কথা বলবেন সে ভাষাতেই জবাব পাবেন। লাঠি--বৈঠা নিয়ে এলে সেভাবেই প্রতিহত করা হবে’। তিনি বিরোধী দলকে নৈরাজ্যের পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহবান জানান। একই সঙ্গে তিনি দলীয় নেতা-কর্মীদের বিরোধী দলের নৈরাজ্যের বিরুদ্ধে জেলা--থানা--ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধের দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বিরোধী দলকে ‘সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারী’ হিসেবে অভিহিত করে বলেন, ‘মনে রাখবেন আমি রাজপথ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলাম, আবার রাজপথে ফিরে এসেছি।’

খালেদা জিয়া তাঁর পাঁচ বছরের শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের বর্ণনা দিয়ে সরকার পরিচালনায় সফল হয়েছে বলে দাবি করেন। তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, জনগণ উন্নয়নের মাধ্যমে তাদের নৌকা ডুবিয়ে দিয়েছে। তাদের নৌকা চলছে না বলে এখন বৈঠা নিয়ে আসার নির্দেশ দিয়েছে। এই বৈঠা জনগণ ভেঙ্গে চুরমার করে দেবে। বিরোধী দল জনগণ ও গণতন্ত্রের ওপর ভরসা নেই বলে বৈঠা--লাঠির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। 

চার দলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে মহানগর বিএনপির আয়োজনে এই সমাবেশ হয়। এতে ঢাকার মতিঝিল, লালবাগ, সুত্রাপুর, মিরপুরসহ বিভিন্ন থানা থেকে দলীয় সাংসদদের নেতৃত্বে মিছিল আসে। মিছিলে খালেদা জিয়ার বিশাল প্রতিকৃতি বহন করে কর্মীরা। সমাবেশে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী ছিল। উঁচু ভবনগুলোতে বসানো হয় পুলিশ।

নগর বিএনপির সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁঁইয়া, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাসসহ ঢাকার সাংসদরা বক্তব্য রাখেন।

মান্নান ভূইঁয়া বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসের জন্য গতবার জনগণ ভোট দেয়নি। গত দুইদিনে তাদের নৈরাজ্য থেকেই তার প্রমাণ মিলেছে। আগামীতেও জনগণ এর সমুচিত জবাব দেবে।

তারেক রহমান বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যার যা কিছু আছে, তা নিয়ে রুখে দাঁড়াতে হবে।