২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক নেতাদের বাড়িতে হামলা

নতুন দলে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির বেশ কয়েকজন সাবেক শীর্ষ নেতার ঢাকার ও নিজ নিজ নির্বাচনী এলাকার বাসায় হামলার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বৃহস্পতিবার সকালে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজ্জা চৌধুরী ও অলি আহমেদের নেতৃত্বে ঘোষিত নতুন দল এলডিপিতে যোগ দেওয়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বিএনপির স্থানীয় কমিটির সদস্য রেদোয়ান আহমেদ, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী ও সংসদ সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর বাসায় হামলা হয়। খুলনায় শেখ রাজ্জাক আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সৈয়দ মনজুর হোসেনের বাড়িতেও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ ছাড়া নওগাঁয় আলমগীর কবিরের চকদেবপাড়ার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ লোকজন বাসায় ঢুকে ব্যাপক ভাংচুর করে।

ঢাকা রেদোয়ান আহমেদের উত্তরার (বাড়ি: ৩, রোড: ৬/এ, সেক্টর: ৪) পাঁচতলা ভবনের নিচতলায় বিকেল সাড়ে ৪টায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর তিনটি অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেদোয়ান আহমেদের বাড়ির চারদিকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর খুলনা মহানগরীর বাড়িতে বৃহস্পতিবার বিকেলে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

খুলনা থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, নগরীর ফারাজিপাড়ায় বিকেল সাড়ে ৩ টার দিকে সাত/আটজন সন্ত্রাসী রাজ্জাক আলীর বাড়িতে ঢুকে দারোয়ানকে জিম্মি করে তার বসার ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় রাজ্জাক আলী এলডিপির আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী বেগম মাজেদা আলী ও মেয়ে ডা. শাহানাজ রাজ্জাক।

মাজেদা আলী জানান, বিকেলে সাড়ে ৩টার দিকে সাত/আটজন রাজ্জাক আলীর বাড়ির দারোয়ান আলমগীরকে এসে জানায় যে, তারা সাবেক স্পিকারের গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলা থেকে এসেছে এবং নতুন দল এলডিপিতে যোগ দেওয়া উপলক্ষে শুভেচ্ছা জানাতে চায়। আলমগীর বসার ঘরের দরজা খুলে দিলে এদের দুজন তাকে দুদিক থেকে ছুরি ও পিস্তল নিয়ে ঘিরে ধরে। একজন হাতে থাকা পেট্রল ঘরের ভেতর ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজনের চিৎকারে মাজেদা আলী ও শাহানাজ রাজ্জাক নিচে নেমে আসেন। সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততোক্ষণে বসার ঘরের সোফা, টেলিফোন, ছবি ইত্যাদি পুড়ে যায়।

ডিসি--দক্ষিণ কুসুম দেওয়ান, এসি সাইদুর রহমান, এসি জহুরুল হক চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মাজেদা আলী অভিযোগ করেন, সন্ত্রাসী হামলার ভয়ে তারা দুপুর ২টার দিকে থানায় ফোন করে পুলিশের কাছ থেকে নিরাপত্তা চান। কিন্তু পুলিশ তাদের সহযোগিতা করেনি।

এ প্রসঙ্গে এসি জহুরুল হক চৌধুরী বলেন, থানায় মিটিং থাকায় এবং সদস্য সংখ্যা কম থাকায় পুলিশী নিরাপত্তা দেওয়া সম্ভব ছিল না।

পুলিশ বলছে, এ ঘটনার পেছনে দুটি কারণ থাকতে পারে। একটি হলো, রাজ্জাক আলীর দল ত্যাগের কারণে বিক্ষুদ্ধ কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অথবা, নতুন দল গঠন করে প্রচার পাওয়ার জন্যও নিজস্ব লোকজন দিয়ে এই ঘটনা ঘটানো হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল--গোমস্তাপুর--ভোলাহাট) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মনজুর হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শহরের ইসলামপুর এলাকায় তাঁর বাড়িতে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয়। এর আগে তার বিরুদ্ধে ঝাড়– মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ হয়।

সন্ধ্যায় জেলার নাচোল উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বাসস্ট্যান্ড মোড়ে মনজুর হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এদিকে একই সময় এ আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদের স্ত্রী সদর উপজেলা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়। বাসস্ট্যান্ডে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে পথসভায় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলমগীর কবিরের এলডিপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে বিএনপির নেতাকর্মীরা। তারা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং আসবাবপত্র ভাংচুর করে। তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ খবরে আনন্দ র‌্যালী বের করে। 

চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় সাংসদ মোহ্ম্মাদ আলী জিন্নাহর বাড়িতেও হামলা হয়েছে বলে চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে মিরেরসরাই সদরে কয়েকজন তার বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। তারা কয়েকটি জানালাও ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা বাড়ির দারোয়ানকে মারধর করে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।