২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের শপথ নেওয়ার প্রস্তুতি চুড়ান্ত

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ ও প্রয়োজনীয় কর্মকর্তা--কর্মচারি প্রদানের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ ও সংস্থাপন মন্ত্রণালয় তাদের প্রস্তুতি চুড়ান্ত করেছে। তবে অতিথিদের তালিকা তৈরি এবং আমন্ত্রণপত্র বিতরণের দায়িত্ব পালন করবে রাষ্ট্রপতির সচিবালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। ঈদের ছুটির শেষ দিন বৃহস্পতিবারও সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগ ও সংস্থাপন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কাজ চলে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মাহবুব জানান, শপথের বিষয়টি দেখাশোনা করে থাকে মন্ত্রী পরিষদ বিভাগ। এ জন্য সব ধরনের প্রস্তুতিও চুড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংস্থাপন মন্ত্রণালয়। যদিও অনুষ্ঠানের জন্য এখনো কোন আমন্ত্রণপত্র পাঠানো হয়নি।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের স্টাফ নিয়োগের ব্যাপারেও সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। তাঁরা রিকুইজিশন দিলেই দপ্তরের জন্য প্রয়োজনীয় কর্মকর্তা ও কর্মচারি দেয়া হবে।

তিনি বলেন, “আমলারা কোন দলের নন, তারা সরকারের নীতি নির্ধারণে সহায়তা ও তা বাস্তবায়নে কাজ করে থাকেন। আমরাও ন্যায়--নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আগে প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোন ব্যবস্থা ছিল না। এখন সেটা করা হয়েছে। ফলে কর্মকর্তারাও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ হয়েছেন।”

মাঠ প্রশাসনে দক্ষতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগও বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান।