ঈদের ছুটিতেও সচিবালয় ব্যস্ত গুরুত্বপুর্ণ পদে রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ
সরকার দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজ হয়েছে। এমন কি, বাদ যায়নি ঈদের দিনও। বুধবার বিকেলে এবং পরদিন বৃহস্পতিবার সচিবালয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কাজ চলে। নেয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জনপ্রশাসনের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব এবং মাঠ প্রশাসনের জেলা প্রশাসক পর্যায়ে বেশ কিছু রদবদলসহ চুক্তিভিত্তিক কিছু নিয়োগ দেয়া হয় এ সময়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগও খোলা ছিল বলে জানা গেছে।
এদিকে সচিবালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কর্মকর্তা-কর্মচারি নেতা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এও) আব্দুল মান্নানসহ তিনজনকে বাধ্যতামূলক অবসর দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে অন্য দুজনের নাম জানা যায়নি।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, তিনজনকে বাধ্যতামূলক অবসর ও অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোন প্রজ্ঞাপন জারি করা হবে না। প্রজ্ঞাপন জারি করা হবে তাদের নিজ নিজ মন্ত্রণালয় থেকে।
কিন্তু আব্দুল মান্নান এ ধরণের কোন কথা শোনেননি বলে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে ২৩ অক্টোবর ইস্যু করা প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা দুই সচিব হলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের জাফর আহমেদ চৌধুরী এবং বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের রফিকুল ইসলাম। তাদের দুজনের মধ্যে দপ্তর বদল করা হয়।
অতিরিক্ত সচিব ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোসলেহউদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মনিরুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সি কিউ কে মুসতাক আহমেদকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিআরটিএ’র চেয়ারম্যান (যুগ্ম সচিব) আবু বকর শাহজাহানকে রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রউফ চৌধুরীকে বরিশালের বিভাগীয় কমিশনার করা হয়েছে।
ভোলার জেলা প্রশাসক মুন্সি শফিউল হক, শেরপুরের জেলা প্রশাসক এমএএন সিদ্দিক এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ডিএম গোলাম ফারুককে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব ডা. আমিনুল ইসলামকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসনাত মো. জিয়াউল হককে শেরপুরে এবং ভোলার অতিক্তি জেলা প্রশাসক (উপসচিব) আহসান হাবিবকে একই জেলার জেলা প্রশাসক করা হয়েছে।
অর্থ বিভাগের যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীর আলমকে দুর্নীতি দমন কমিশনে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবুল আলমকে বিটিভির মহাপরিচালক এবং যুগ্ম সচিব ফজলে রাব্বীকে জাতীয় প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
অন্যদিকে বিমানের অবসর প্রস্তুতিকালীন ছুটি ভোগরত ক্যাপ্টেন ইশফাকুর রহমানকে বৈমানিক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।
বৈমানিক হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত চার ক্যাপ্টেনের চুক্তির মেয়াদ বিভিন্ন মেয়াদে বাড়ানো হয়েছে। ক্যাপ্টেনরা হলেন ক্যাপ্টেন আলিমুজ্জামান, ক্যাপ্টেন মোসতাক আলী, ক্যাপ্টেন কামাল মাহমুদ এবং ক্যাপ্টেন আহমেদ ফজলুর রহমান।
