তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আজিজকে ১৪ দলের প্রত্যাখ্যান
তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি এমএ আজিজকে প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল মঙ্গলবার সকালে তাঁর গুলশানের বাসভবনে সাংবাদিকদের একথা জানান।
তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির পক্ষ থেকে এমএ আজিজের নাম প্রস্তাব করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না’। এরপর তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না’।
পরক্ষণেই তিনি আবারো বলেন, ‘বিচারপতি এমএ আজিজ এরই মধ্যে বিতর্কিত। তিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, আন্তর্জাতিকভাবেও প্রত্যাখ্যাত। সুপ্রীম কোর্টে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এখনো শেষ হয়নি’।
মান্নান ভূঁইয়াকে উদ্ধৃত করে আব্দুল জলিলকে জানান, মান্নান ভূঁইয়া তাঁকে মঙ্গলবার সকালে টেলিফোন করেছিলেন। তিনি আওয়ামী লীগের প্রস্তাবনা নিয়ে তাঁর দল বিএনপির মধ্যে আলোচনা করছেন। আলোচনার পর ফলাফল সম্পর্কে তিনি পুনরায় জলিলকে টেলিফোন করে জানাবেন।
মঙ্গলবার আব্দুল জলিল তাঁর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সর্বশেষ রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবনে মঙ্গলবার সন্ধা ৭ টায় ১৪ দলের এক জরুরি সভা আহ্বান করা হয়েছে।
জলিল জানিয়েছেন, সংলাপ ভেঙ্গে যায়নি বা ব্যর্থও হয়নি। তারা (মান্নান ভূঁইয়া ও জলিল) যে কোনদিন যে কোন সময়ে আবারো সংলাপে বসবেন। তবে তা নির্ভর করছে বিএনপির ইতিবাচক মনোভাব ও মান্নান ভূঁইয়ার টেলিফোনের ওপর।
এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার সর্বজিৎ চক্রবর্তী আব্দুল জলিলের বাসায় গিয়ে তার সাথে দেখা করেন।
তিনি এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে এক ঘন্টারও বেশি সময় বৈঠক করেন। তবে বৈঠককালে সাংবাদিকদের জলিলের বাসায় প্রবেশ করতে দেয়া হয়নি।
