রাজশাহীতে আহত বিএনপি নেতার মৃত্যু
পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার হামলায় আহত বিএনপি নেতা সিরাজুল ইসলাম সোমবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন।
সিরাজুল ইসলাম পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
সোমবার সন্ধ্যায় নগরীর সোনাদীঘি মোড়ে বিএনপি অফিসের সামনে নামাজে জানাযা শেষে রাতে তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুসহ বিএপি নেতৃবৃন্দ।
ওই হামলায় আমিন নামে এক কৃষকও নিহত হন।
ঘটনার পর বোয়ালিয়া থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
এর একটি মামলা করেন নিহত আমিনের স্ত্রী গোলেহার বিবি। তিনি বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে বিএনপি নেতা সিরাজুলের ভাই মনজুর রহমান বাদী হয়ে শিবির কর্মী শফিকুলকে প্রধান আসামী করে গত ২২ অক্টোবর আর একটি মামলা করেন।
মনজুর রহমান অভিযোগে উল্লেখ করেন, নগরীর কালু মেড় বুধপাড়ায় বটগাছের নিচে দাঁড়িয়ে সঙ্গী ইয়াসিন আলী, মোয়াজ্জেম হোসেন ও মোখলেছুর রহমানের সাথে তার ভাই সিরাজুল গল্প করছিলেন। এসময় ৮/১০ জন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। তারপর এলোপাতাড়ি ছুরির আঘাতে তাকে আহত করে বাইপাস রোডের নিছে নিয়ে যায়।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ‘সর্বহারা জিন্দাবাদ’ শ্লোগান দিয়ে চলে যায়। গরু চোর ভেবে কৃষক আমিন তাদের প্রতিরোধ করতে গেলে হামলাকারীরা তাকে হত্যা করে।
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার কমরেড নিখিল সরকার বিভিন্ন পত্রিকা ও সাংবাদিকদের কাছে ফোনে ওই ঘটনার দায়িত্ব স্বীকার করেন বলে জানা যায়।
এদিকে বিএনপি নেতার আহত হওয়ার খবরে স্থানীয় বিএনপি কর্মীরা ওই রাতেই বিক্ষোভ মিছিল করে। তারা এ ঘটনার জন্য ওয়ার্কার্স পার্টি ও ১৪ দলের নেতা--কর্মীদের দায়ী করে।
ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার নগরীতে মেয়র মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশেও ওয়ার্কার্স পার্টি ও ১৪ দলের নেতা--কর্মীদের ওপর হত্যার দায় চাপানো হয়।
তবে পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা যায়, নিহত বিএনপি নেতার ভাই মনজুর রহমানের দায়ের করা মামলার প্রধান আসামী শিবির কর্মী শফিকুল সর্বহারাদের ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ওয়ার্কার্স পার্টি নগর সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী লিকু তার দল ও ১৪ দলের নেতা--কর্মীদের ওপর হত্যার দায় চাপানোকে শিবিরকর্মী শফিকুলসহ প্রকৃত হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা বলে উল্লেখ করেন।
