সোমবারও সচিবালয় ছিল মুখর
সরকার ক্ষমতা হস্তান্তরের আগে প্রশাসনে আরো একদফা পদোন্নতি, রদবদল ও মাঠ পর্যায়ে পদায়নসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাজ সম্পন্ন করতে সোমবারও জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় খোলা ছিল।
বাইরের সব সরকারি অফিসে সোমবার থেকে তিনদিনের ছুটি শুরু হলেও বিশেষ আদেশে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় খোলা রাখা হয়। এজন্য সচিবালয়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে কর্মকর্তা ও কর্মচারিরা অফিস করেছেন নিজের ইচ্ছায়। ফলে অন্য সাধারণ কর্মদিবসের তুলনায় সোমবার সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতি ছিল অত্যন্ত কম।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের অসম্পন্ন কাজ সেরে নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের কাছ থেকে বিদায় নিয়েছেন।
এদের মধ্যে রয়েছেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
এর আগে মন্ত্রীরা সকাল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখেন এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে সোমবারও বেশ কিছু পদোন্নতি, পদায়ন ও বদলীর আদেশ জারি করা হয়েছে।
এজন্য সোমবার সকাল থেকেই সচিবালয়ের সংস্থাপন মন্ত্রণালয়ে ছিল আগ্রহী কর্মকর্তাদের ভিড়। অনেকেই সরকারের শেষ সময়ে ভালো স্থানে নিজের পদায়নের জন্য সংস্থাপন সচিবের দপ্তরে তদবির করেন।
প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সামসুল আলমকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দিতেই তাকে ওএসডি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এছাড়াও ঢাকার এডিসি মোহাম্মদ ইউসুফ এবং জামালপুরের এডিসি ড. নমিতা হালদারকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
একই সাথে ওএসডি উপসচিব আবুল কালাম মোহাম্মদ কুদরত উল্লাহ মিয়াকে একই সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত এবং ওএসডি উপসচিব সাহান আরা বানুকে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে পদায়ন করা হয়েছে।
জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক মাহাবুব উল আলমকে বদলী করে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
এদিকে সরকারের বিদায়ের প্রাক্কালে ১৪ জন অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির জন্য সার--সংক্ষেপ তৈরি করে রোববার রাতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। রোববার রাতে তিনি ফাইলে অনুমোদন না দেওয়ায় সোমবারও সংস্থাপন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ সংক্রান্ত কোন আদেশ জারি হয়নি।
