চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার ঈদ
চাঁদপুরসহ দেশের বেশ কয়েকটি স্থানে সোমবার ঈদ উদযাপিত হবে।
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, শাহরাস্তি ও কচুয়া উপজেলার প্রায় অর্ধশত গ্রামে সোমবার ঈদ পালিত হবে।
এসব গ্রামে সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে প্রায় শত বছর ধরে ঈদ পালিত হয়ে আসছে। এছাড়া ওই পীরের অনুসারীরা চট্টগ্রামের সাতকানিয়া, সিলেটের সৎপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, ফরিদপুরের মরডাঙ্গা, আলফাডাঙ্গা, মাদারীপুর সদর উপজেলার পাচঘোলা ইউনিয়নের চরকালিকাপুর (তাল্লুক), ঝিনাইদহের হরিণাকুন্ডসহ দেশের বিভিন্ন স্থানে এ রীতি মেনে সোমবার ঈদ পালন করবে। তবে এসব গ্রামে বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতেও পরবর্তীতে ঈদুল ফিতর পালিত হবে।
সৌদি আরবের সাথে মিলিয়ে এবারও এসব গ্রামে বাংলাদেশের সময়ের চেয়ে দুই দিন আগে রোজা রাখা শুরু হয়েছিল।
শনিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ দিনের রমজান মাস সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সে সূত্রে সোমবার চাঁদপুরের এসব গ্রামে আগাম ঈদ পালিত হতে যাচ্ছে।
আগাম ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের বাড়ির সামনে। সেখানে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ইসহাকের বড় ছেলে সাদ্রার বর্তমান পীর মাওলানা আবু জোফার। অল্প সময়ের ব্যবধানে অদূরবর্তী সাদ্রা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় জামায়াত।
এছাড়া অন্য গ্রামগুলোতেও ঈদের জামায়াতের প্রস্তুতি চলছে। সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে প্রায় সব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আরব বিশ্বের সাথে মিল রেখে প্রায় শত বছর ধরে এসব গ্রামের হাজার হাজার মুসলমান ধর্মীয় আচার -- অনুষ্ঠান ও ইবাদত--বন্দেগি পালন করে আসছে। বিশেষ করে সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব গ্রামে রোজা, ঈদ, শবে বরাত, শবে কদরসহ বিভিন্ন দিবস পালিত হয়।
ঊনবিংশ শতাব্দীর কোনো এক সময়ে নোয়াখালীর বসিকপুর এলাকার মাওলানা আ. হামিদ সৌদি আরবের সাথে মিল রেখে হাজীগঞ্জের রামচন্দ্রপুর এলাকায় আগাম ঈদ পালনের রীতি চালু করেন। পরে তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে।
চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা এলাকার অধিবাসী মাওলানা ইসহাক বসিকপুর মাদ্রাসা ও হিন্দুস্থানের রিয়াছাতে রামপুর মাদ্রাসায় পড়াশোনার সময় সারা বিশ্বে একই দিনে ঈদসহ ধর্মীয় অনুষ্ঠান পালন সম্পর্কিত হাদিস-কিতাব পড়ে এই রীতি গ্রহণ করেন। ১৯২৭/২৮ সালের দিকে তিনি নিজ এলাকায় ফিরে সেই রীতি চালুর প্রচেষ্টা করেন। মাওলানা ইসহাকের সেই প্রচেষ্টায় চাঁদপুরের পাঁচটি উপজেলায় এ রীতিতে ধর্মকর্ম পালন করা হচ্ছে।
এ মতবাদে বিশ্বাসীদের যুক্তি হচ্ছে, বাংলাদেশ কাবাঘর থেকে ৫০ ডিগ্রি ১২ দ্রাঘিমা পশ্চিমে অবস্থিত। বাংলাদেশের সাথে কাবার সময়ের ব্যবধান মাত্র ৩ ঘন্টা ২০ মিনিট ৪৮ সেকেন্ড। আমাদের এখানে ওই সময়ের আগেই সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে। ফলে সৌদি আরবের পরে এ দেশে শবে মেরাজ, শবে বরাত, শবে ক্বদর, ঈদুল আযহা ও ঈদুল ফেতর হতে পারে না।
মাওলানা ইসহাকের বড় ছেলে মাওলানা আবু জোফার বলেন, হানাফি, মালেকি ও হাম্বলি মজহাবের মতে সারা বিশ্বে একই দিনে ধর্মীয় আচার-অনুষ্ঠান করার কথা। ওই রীতি অনুযায়ী, বিশ্বের এক স্থানে চাঁদ দেখা প্রমাণিত হলে অগ্রদর্শনের ভিত্তিতে একই দিনে সারা বিশ্বে রোজা, ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে।
তবে শাফেই মজহাবের অধিকাংশ লোক এ রীতির বিরুদ্ধে। তারা বাংলাদেশের ভূখণ্ডে চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ পালনের পক্ষপাতী।
