২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য রাষ্ট্রপতির প্রতি রাজ্জাকের আহ্বান

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক রোববার নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। তখন রাষ্ট্রপতির হাতেই থাকবে সর্বময় ক্ষমতা।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে রাজ্জাক বলেন, ‘আমরা আশা করি আপনি নিজে নিরপেক্ষ থাকবেন এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেবেন। কিন্তু তা না করে যদি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করেন, তাহলে এর জন্য যে সংকট, সংঘাত ও ক্ষয়ক্ষতি হবে তার জন্য আপনিই দায়ী থাকবেন’।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার বাস্তবায়ন দিবস উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আব্দুর রাজ্জাক বলেন, জোট সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু আপনি নিরপেক্ষ নিয়োগ না দিলে নেত্রীর ঘোষণা অনুযায়ী যেদিন কেএম হাসানকে ক্ষমতা দিবেন, সেদিন ঢাকাসহ সারাদেশ থেকে লগি--বৈঠা নিয়ে অবরোধ সৃষ্টি করা হবে।

তিনি আরো বলেন, ‘জাতির আশা--আকাঙ্খার বাস্তবায়ন আপনি ঘটাবেন। আমরা সংঘাত চাই না, সমাধান চাই। আমরা বার বার রক্ত দিতে চাই না। জনগণের দাবি অনুযায়ী আমরা সাংবিধানিক সমাধান চাই’।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, দীলিপ বড়–য়া, শরীফ নুরুল আম্বিয়া, ওবায়দুল কাদের ও পঙ্কজ ভট্টাচার্য।

এদিকে সোমবার থেকে সরকার ও বিরোধী দলের মধ্যে আবারো শুরু হতে যাওয়া সংলাপের প্রস্তুতির জন্য ১৪ দলের সিনিয়র নেতৃবৃন্দ গণফোরাম নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে এক বৈঠকে বসেন। এতে সংলাপের বিভিন্ন কৌশল নির্ধারণ করা হবে।