২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র প্রতিহত করতে ঈদের দিনও সজাগ থাকতে বললেন জলিল

ষড়যন্ত্র প্রতিহত করতে ঈদের দিনও সজাগ থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বিরোধী দলের সংস্কার প্রস্তাব সম্পর্কে আশাবাদ জানিয়ে বলেন ‘আশাকরি প্রধানমন্ত্রী দেশে ফিরে সংলাপ সম্পর্কে ইতিবাচক সাড়া দেবেন।’ 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার কেন্দ্রীয় ও ১৪ দলের এক প্রস্তুতি সভায়  মান্নান ভূইয়াঁর সাথে ষষ্ঠ দফা সংলাপের আগে নেতৃবৃন্দের এক সভায় তিনি একথা বলেন।

জলিল আরও বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলের দাবি উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কে এম হাসানকে দায়িত্ব দেওয়ার ষড়যন্ত্র করলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট তাৎক্ষণিক প্রতিবাদ ও প্রতিহত করবে।

পাশাপাশি বিরোধীদলীয় জোট কে এম হাসানের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বলেও তিনি জানান।  তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কে এম হাসান দায়িত্ব নিলে প্রয়োজনে ঈদের দিনেও ঢাকা অবরোধ কর্মসূচি পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

বিরোধীদলের দাবির প্রতি জনগণের সমর্থন পর্যবেক্ষণের জন্য ১৪ দলীয় জোট ঢাকার সকল জেলা ও উপজেলা অফিসে রোববার সংস্কার বাস্তবায়ন দিবস পালন করবে।

কে এম হাসানকে বিএনপির নেতা হিসেবে চিহ্নিত করে জলিল বলেন, তিনি একজন দলীয় লোক। কারণ তিনি দল থেকে এখনও পদত্যাগ করেননি বা দল থেকে বহিস্কৃতও হননি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিমল বিশ্বাস, দিলীপ বড়–য়া, শরীফ নুরুল আম্বিয়া, ওবায়দুল কাদের ও অশিথ বর্মণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।