২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির অনিয়ম, দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ, বিস্তারিত

জোট সরকারের পাঁচ বছরের শাসনামলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন পরিণত হয়েছে সরকার দলীয় নেতা--কর্মীদের কর্মসংস্থান ব্যুরোতে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে শ্বেতপত্রটি প্রকাশ করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক ড. আবদুস সোবহান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এন্তাজুল এম হক.খায়রুল আলম খান, মোখলেছুর রহমান, মিজান উদ্দিন, জেহাদুল করিম,ড.সরকার আলী আক্কাস, মলয় কুমার ভৌমিক, শাহ আজম শান্তনু, আনন্দ কুমার সাহা ও মুস্তাক আহমেদ।

মোট বারো পৃষ্ঠার শ্বেতপত্রে বলা হয়, গত পাঁচ বছরে জোট সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিধি বহির্ভূতভাবে প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় রাজনীতির চর্চা, খামখেয়ালিপনা ও মৌলবাদের শিকার বিশ্ববিদ্যালয়টি এখন পরিণত হয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের কর্মসংস্থান ব্যুরোতে।

একাডেমিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে শ্বেতপত্রে বলা হয়, ২০০১ সালের ১৩ নভেম্বর কোন অভিযোগ ছাড়াই এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অধ্যাপক এম সাইদুর রহমান খানকে সরিয়ে অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকীকে উপাচার্য নিয়োগ করা হয়। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন কোন নিয়ম--নীতির তোয়াক্কা না করে বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাদেশ পর্যন্ত পরিবর্তন করেন।

আইন ও বিচার বিভাগের শিক্ষক নিয়োগের সুপারিশকে অধ্যাপক ড. এম আলতাফ হোসেনের একাডেমিক দুর্নীতির সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করে শ্বেতপত্রে বলা হয়, শিক্ষক নিয়োগের ব্যাপারে সিলেকশন কমিটি ৬টি বিজ্ঞাপিত পদের বিপরীতে ছয়জন প্রার্থীর নাম সুপারিশ করে। কিন্তু উপাচার্য এই ছয়জনের নামের সঙ্গে আরেকটি যুক্ত করে সাতজনের নাম সিন্ডিকেটে পেশ করেন। এছাড়া দুবছর আগে ক্রপ সায়েন্স নামে একটি বিভাগ খুলে সেখানে কয়েকজন দলীয় লোককে শিক্ষক নিয়োগ করা হয়। প্ল্যানিং কমিটির সুপারিশ না থাকা সত্ত্বেও বর্তমান উপাচার্যের নির্বাহী আদেশে রসায়ন বিভাগে চারটি পদ বিজ্ঞাপিত করে আটজনকে নিয়োগ দেয়া হয়। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগে দুটি পদ বিজ্ঞাপিত করে ১০জন এবং ফিশারিজ বিভাগে পাঁচটি বিজ্ঞাপিত পদের বিপরীতে ১০ জন শিক্ষক নিয়োগ করা হয়।

এছাড়া কম্পিউটার সায়েন্স, নাট্যকলা ও সঙ্গীত, চারুকলা ও ভাষাসহ বিভিন্ন বিভাগে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বিজ্ঞাপনের শর্ত পুরণ না করা সত্ত্বেও ফোকলোর বিভাগে একজন প্রফেসর ও চারুকলা বিভাগে একজন প্রভাষক নিয়োগ করা হয়। সর্বোপরি ফোকলোর বিভাগে একটি প্রফেসর পদ বিজ্ঞাপিত করে দুজনকে সিলেকশন দেওয়া হয়। একে প্রফেসর পদের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা হিসেবে শ্বেতপত্রে উল্লেখ করা হয়।।

শ্বেতপত্রে বলা হয়, সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকীর সময় থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের মূল্যবোধে উজ্জীবিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির ফাইল মাসের পর মাস আটকে রেখে তাদের উপর মানসিক নির্যাতন চালানো হয়েছে এবং এখনো হচ্ছে। সমাজকর্ম, ভূতত্ত্ ও খনিবিদ্যা, মনোবিজ্ঞান, চারুকলা, মার্কেটিং এবং আইন ও বিচার বিভাগের কয়েকজন শিক্ষকের পদোন্নতির আবেদন কোন কারণ ছাড়াই দীর্ঘকাল আটকে রাখা হয়।  অন্যদিকে দলীয় শিক্ষকদের নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতির সুপারিশ করেন এম আলতাফ হোসেন। ভূ--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে (পরবর্তীতে একই বিভাগের প্রবীণ অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামী হিসেবে অভিযুক্ত হয়) প্রফেসর পদে নিয়োগ করে তিনি এই নজির স্থাপন করেন।

শ্বেতপত্রে আরো বলা হয়, উপাচার্য আলতাফ হোসেনের সবচেয়ে উল্লেখযোগ্য একাডেমিক দুর্নীতি হলো ড. এস তাহের আহমদ হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী ও বিশ্ববিদ্যালয় শাখা  শিবিরের সভাপতি মাহবুবুল আলম সালেহীকে বিধি বহির্ভূতভাবে মাস্টার্স পরীক্ষা (ভূ--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ) প্রদানের সুযোগ করে দেওয়া।

আর্থিক দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে শ্বেতপত্রে বলা হয়, আর্থিক সংকটের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বারবার কর্তৃপক্ষকে নিয়োগের ক্ষেত্রে সংযত থাকার নির্দেশ দেয়। কিন্তু তা  উপেক্ষা করে সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকী ( বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য) ও সাবেক উপ--উপাচার্য অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন মন্ডল (বর্তমানে বাংলাদেশ সার্ভিস কমিশনের সদস্য) কোন প্রকার বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াই ২৫৫টি শূণ্য পদের বিপরীতে ৫৪৪ জন কর্মচারীকে নিয়োগ  দেন।   পরিবহন দপ্তর, প্রকৌশল শাখা ও অন্যান্য বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূত টেন্ডার এবং বিভিন্ন মালামাল ও পণ্য ক্রয়ের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে উল্লেখ করে শ্বেতপত্রে বলা হয়, নীতি বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বেসরকারী মোবাইল কোম্পানির কাছে ভাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। কাজলা ও বিনোদপুর বিশ্ববিদ্যালয় মার্কেটের অধিকাংশ দোকান দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শ্বেতপত্রে বলা হয়, ড. ফাইসুল ইসলাম ফারুকী ও ড. আলতাফ হোসেন, দুজনের কেউই পাঁচ বছরে একবারও বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ডাকেননি। সিনেটকে পাশ কাটিয়ে তারা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার সাথে  বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন, যা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট’৭৩ এর  সরাসরি লংঘন।

শিক্ষক হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্নে প্রশাসনের নির্লিপ্ততা ও মদদ দেওয়া প্রসঙ্গে বলা হয়, গত পাঁচ বছরে সন্ত্রাসীরা দু’জন অধ্যাপককে হত্যা করে। এনাদের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অপরজন হলেন ভুতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীণ অধ্যাপক ড. এস তাহের আহমদ। এখানেই শেষ নয়, হত্যা মামলার অন্যতম আসামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে  কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিবির  আয়োজিত  ইফতার পার্টিতে এম আলতাফ হোসেন ‘প্রধান অতিথির আসনও অলঙ্কৃত’ করেন।

শ্বেতপত্রে বলা হয়, গত বছরগুলোতে অধিকাংশ হলে মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্ররা অবস্থান করতে পারেননি। ছাত্র শিবিরের চাঁদাবাজি, সিট দখল ও হুমকির কারণে তারা হল ছাড়তে বাধ্য হন।

এছাড়া শৃংখলা কমিটি অনেকটা অকার্যকর কমিটিতে পরিণত হয়। বড় বড় অপরাধ সংঘটিত হওয়া সত্ত্বেও এই কমিটি কোন সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি বা নেয়নি বলে উল্লেখ করে শ্বেতপত্রে বলা হয়, সুস্থ সংস্কৃতি চর্চার উপরও সন্ত্রাসী মৌলবাদীদের হামলা হয়েছে অসংখ্যবার।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড, এম আলতাফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্বেতপত্র না দেখা পর্যন্ত মন্তব্য করা সম্ভব নয়।