২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে স্বচ্ছ ব্যালট বাক্স ফিরিয়ে দিয়ে দরদামের খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন

বিনামূল্যে প্লাস্টিকের তৈরি স্বচ্ছ ব্যালট বাক্স পাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েও নির্বাচন কমিশন এখন আবার সরকারি ব্যয়ে এ ধরনের ব্যালট বাক্স তৈরির চিন্তা-ভাবনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন গত কয়েকদিনে স্বচ্ছ ব্যালট বাক্স বানানোর ব্যয় সম্পর্কে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে জানান, কমিশনের এক চিঠির জবাবে কানাডীয় হাই কমিশন সেদিনই জানিয়েছে, এ ধরনের স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করতে সময় লাগবে দুই বছর। আর বিদেশ থেকে এ সব ব্যালট বাক্স বানাতে সরকারের খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা (পাঁচ মিলিয়ন মার্কিন ডলার)।

এর আগে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারে নির্বাচন কমিশনকে দেওয়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর প্রস্তাব কমিশন সরাসরি নাকচ করে দেয়।

কমিশন সূত্র জানায়, এবার নির্বাচনে দুলাখ ২০ হাজার স্টিলের তৈরী ব্যালট বাক্স ব্যবহার হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে ব্যবহার করা হয়েছিল ১ লাখ ৮৫ হাজার ব্যালট বাক্স। কমিশন এরই মধ্যে জয়দেবপুরের কারখানায় ৩৫ হাজার নতুন ব্যালট বাক্স বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এ জন্য ব্যয় হচ্ছে তিন কোটির বেশী টাকা। পুরোনো ব্যালট বাক্সগুলোও মেরামত করা হচ্ছে।

ইইউ প্রথমে ২০০৪ সালে কমিশনকে হালকা ও সহজে বহন যোগ্য প্লাস্টিকের তৈরী স্বচ্ছ ব্যালট বাক্স বিনা মূল্যে সরবরাহ করার প্রস্তাব দেয়। গত বছর ইইউ এর একটি প্রতিনিধি দল আবারো প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজকে ওই রকম একটি স্বচ্ছ ব্যালট বাক্স উপহার দেয়। তখন তারা এ সব ব্যালট বাক্স ব্যবহার করার জন্য নির্বাচন কর্মকর্তাদের বিনামূল্যে প্রশিক্ষণের প্রস্তাবনাও দিয়েছিল। কিন্ত কমিশন তখন এসব প্রস্তাবনা ফিরিয়ে দেয়। 

সূত্র মতে, স্টিলের তৈরী ব্যালট বাক্সগুলোর স্থায়ীত্ব বেশী হলেও এগুলো ওজনে অনেক ভারী। এ কারণে ভোট গ্রহণের পর অনেক দুর্গম এলাকায় কেন্দ্র থেকে এ সব বাক্স ফেরত নেওয়া হয় না বলে এই খাতে প্রচুর টাকা নষ্ট হয়।