২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে ভোটার তালিকা ছাপা শুরু হচ্ছে না?

ঈদের আগে ভোটার তালিকা ছাপার কাজ শুরু করতে পারছে না নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে টানা ১০ দিনের ঈদের ছুটির কারণে এ আশংকা দেখা দিয়েছে। যদিও নির্বাচন কমিশন ঈদের ছুটির আগেই ছাপার কাজ শুরুর ব্যাপারে আশাবাদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

কমিশন সূত্র জানায়, নির্বাচন কর্মকর্তাদের ঈদের ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু ভোটার তালিকা মুদ্রণ ও তা তদারকির সঙ্গে জড়িতরা ঠিকই ছুটিতে চলে যাচ্ছেন বলে ঈদের আগে ছাপার কাজ শুরু করা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

সূত্র মতে, নির্বাচন কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করা হলেও অধিকাংশ ছাপাখানার কর্মচারি, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা চারদিন সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন ঈদের ছুটি ভোগ করবেন।

তাছাড়া নির্বাচনী আইন অনুযায়ী জেলা নির্বাচন কর্মকর্তা বাদে তফসিল ঘোষণার আগে জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কর্মকর্তা নন। এ কারণে ছুটির সময় ৩৮টি অঞ্চলের কয়েকটি এলাকায় ভোটার তালিকা ছাপার কাজ শুরু হলেও সেখানে এই কাজের তদারিকতে ব্যাঘাত ঘটবে।

এদিকে কমিশন বুধবার বিকাল ৪ টা পর্যন্ত ভোটার তালিকা ছাপার কার্যাদেশই দিতে পারেনি। কার্যাদেশ পাওয়ার আশায় দিনমান বিভিন্ন মূদ্রণ ব্যবসায়ী ও কম্পিউটার সংস্থা কমিশন সচিবালয়ে ভিড় জমান।

তবে কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বুধবার সাংবাদিকদের জানান, ওই কার্যাদেশ দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি দরপত্রগুলো যাচাই-- বাছাই করছে। এই কার্যাদেশ দেওয়ার পর আজকালের মধ্যেই সংশ্লিষ্ট মুদ্রণ ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করা হবে। একমাসের মধ্যে ছাপা হবে ভোটার তালিকা। মধ্য নভেম্বরে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।

তিনি বলেন, নির্বাচন একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য কমিশন সব নির্বাচন কমিশনারদের ঈদের ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করেছে। এখন থেকে ভোটার তালিকা মুদ্রণের কাজ তদারকি করাসহ নির্বাচনের আনুষঙ্গিক প্রস্তুতি দিনরাত চলবে।

আগামী ২০০৭ সালের জাতীয় নির্বাচনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।