জাতিকে ঐক্যবদ্ধ হতে বললেন ইউনূস
সব ভুল বুঝাবুঝি আর মতভেদ ভুলে জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, তাঁর নোবেল শান্তি পুরস্কার জয় জাতিকে আজ এক ভীষণ উচ্চতায় নিয়ে গেছে এবং এই অবস্থানটিকে ধরে রাখতে হবে আমাদের।
বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার আয়োজিত এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
অধ্যাপক ইউনূসকে সংবর্ধনা দিতে পুরো রাজধানী যেন ভেঙে পড়েছিল কেন্দ্রটিতে। সবার চোখেমুখে ফুটে উঠেছিল গৌরবের বিজয়গাঁথা। দেশের কৃতী সন্তানকে অভিনন্দিত করতে কোথাও কোন কার্পণ্য ছিল না, ছিল না বাহুল্যেরও ছড়াছড়ি। সবার মুখেই উচ্চারিত হয়েছে দেশের প্রতি ভালবাসা আর বাঙালীর বিশ্বজয়ের কথা।
উপস্থিত সবাই তাকে হাততালি দিয়ে কেন্দ্রে অভ্যর্থনা জানান। এসময় বেজে উঠে কবিগুরু রবী ঠাকুরের অনন্য সঙ্গীত। গানের সুরে সুরে তাঁকে স্বাগত জানান বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পীরা। বিশ্বজয়ী বাংলার এই ছেলেকে অভিনন্দন জানাতে সোমবার সম্মেলন কেন্দ্রটিতে তিল ধারণের জায়গা ছিল না।
ইউনূস তাঁর বক্তব্যে বলেন, ১৩ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর থেকে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। পরিবর্তিত হয়ে গেছে। দেশটি এখন নোবেল পুরস্কার জয়ী একটি দেশ।
ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলেন, তিনিই শুধু নন, গ্রামীণ ব্যাংকের সাথে সম্পৃক্ত ৬৭ লাখ দরিদ্র নারীও প্রমাণ করেছেন, তারাও বড় কিছু অর্জন করতে পারেন।
তিনি বলেন, বাঙালী জাতি এখন আরও অনেক বড় ও কঠিন কাজের জন্য প্রস্তুত। পুরস্কার জয়ের পর থেকে দেশের মানুষ তাঁকে ভীষণ ভালবাসা আর সম্মান দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে তিনি গভীরভাবে আপ্লুত। এর মধ্য দিয়ে দেশের প্রতি মানুষের এক গভীর মমত্ববোধ, দেশপ্রেম ফুটে উঠেছে। আর এটাই পারে আরও অনেক বিস্ময়ের জন্ম দিতে।
তিনি বলেন, ছোট্ট জোবরা গ্রামে যা সম্ভব হয়েছে, দেশের যে কোন জায়গাতেই তা সম্ভব। বিশ্বে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যেটা কিনা গ্রামীণ ব্যাংকের হুবহু অনুকরণ করেনি।
তিনি বলেন, জাতির জন্য এটা অনেক গর্বের বিষয় যে প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকও পুর¯কৃত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহামদ প্রথমে তাঁকে অভিনন্দন জানান। এর পরপরই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান এবং এর অব্যবহিত পরে তাঁকে অভিনন্দন জানান বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। লোকজন তাঁকে ফুল এবং বিভিন্ন উপহার দিয়ে বরণ করে নেন। দেশের প্রথম নোবেল পুরস্কার জয়কে স্মরণীয় করে রাখতে গায়ক ফকির আলমগীর স্বরচিত একটি গান পরিবেশন করেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শুধুমাত্র মুহাম্মদ ইউনূসই নন, তাঁর সাথে সাথে তার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও নোবেল পুরস্কার পাওয়ায় এটাই প্রমাণ হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় দারিদ্র নিরসনে ক্ষুদ্র ঋণকে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
