পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি নেতাকর্মীদের কান্ড
পঞ্চগড়ের আটোয়ারী থানা ঘেরাও করে বিএনপি নেতাকর্মীরা চাপ প্রয়োগ করে একটি খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক এক বিএনপি নেতাকে ছাড়িয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে একই ঘটনায় আটক তার অপর দুই ভাইকে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মোটাপাড়া গ্রামের গফুরউদ্দিনের ছেলে মতিবুল (৫০) গত বুধবার নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভুল¬ী নদীতে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। পুলিশ ও তার পরিবারের ধারণা জমি -- জমা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার বিকেলে পুলিশ একই গ্রামের মৃত মফিজউদ্দিনের পুত্র বিএনপি নেতা রাজ্জাকুল ইসলাম, তার ভাই শাহা আলম ও নজরুল ইসলামকে গ্রেফতার করে। ওইদিন সন্ধ্যায় শতাধিক স্থানীয় বিএনপি নেতাকর্মী আটোয়ারী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি নেতা রাজ্জাকুল ইসলামের মুক্তি দাবি করে। বিএনপি নেতাকর্মীদের অব্যাহত চাপের মুখে পুলিশ রাতে রাজ্জাকুলকে থানা থেকে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় নিহত মতিবুলের শ্যালক সফিকুল ইসলাম থানায় মামলা দায়ের করেন। মামলাতেও রাজ্জাকুল বাদে তার অন্য দু’ভাইকে আসামী করা হয়েছে।
নিহত মতিবুল গ্রেফতারকৃতদের পিতা মফিজউদ্দিনের পালিত পুত্র। তার সঙ্গে জমিজমা নিয়ে শাহা আলম, নজরুল ইসলাম ও রাজ্জাকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারী থানার এসআই রাসেল মামুন জানান, মতিবুলকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’ভাইকে গ্রেফতার করা হয়েছে।
থানা থেকে ছেড়ে দেয়া প্রসঙ্গে পুলিশ সুপার মাহবুবুর রহমান থানা ঘেরাওয়ের কথা অস্বীকার করে বলেন, বিএনপি নেতা হিসেবে নয় রাজ্জাকুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত নয় তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এ ঘটনায় আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন আহমদকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি রাজ্জাকুলকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আমরা থানা ঘেরাও করিনি। চাপও প্রয়োগ করিনি। তবে অনেক মানুষ মিলে থানায় দেখা করতে গিয়েছিলাম।’
