নগরকান্দায় একই স্থানে আ. লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা
নগরকান্দা উপজেলার সালথা থানা সদরে একই স্থানে একই সময়ে ক্ষমতাসীন বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতা--কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র জানায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অব্যাহত বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সালথা থানা আওয়ামী লীগ ১৪ অক্টোবর শনিবার বিকেলে সালথা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ আহ্বান করে। ওই সমাবেশ সফল করার জন্য আওয়ামী লীগ কয়েক দিন ধরে প্রচারণা চালাচ্ছে।
কিন্তু সালথা থানা বিএনপি বৃহস্পতিবার একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করে এলাকায় মাইকিং শুরু করলে উভয় পক্ষের নেতা--কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৃহস্পতিবার তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আইন--শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহায়তা চেয়ে আবেদন করেছেন।
ফরিদপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া দাবি করেছেন, বিএনপিই আগে সমাবেশ আহ্বান করেছে।
তিনি আরো বলেন, আমি অবশ্যই সমাবেশে উপস্থিত থাকবো। কারণ সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমার নাম ঘোষণা করে মাইকিং করা হচ্ছে।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেছেন, আমাদের সমাবেশ বানচাল করার জন্য বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ ডেকেছে।
তিনি আরো বলেন, আমাদের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সালথা থানা পুলিশকে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানে সহায়তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আওয়ামী লীগের আবেদনপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, উভয় দলের নেতাদের নিয়ে বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।
