স্থায়ী কমিটির বৈঠক থেকে আ. লীগের ওয়াকআউট
ভাসানটেক আবাসন প্রকল্প নিয়ে ক্ষমতাসীন দলের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার বিরোধী দলের সাংসদরা জাতীয় সংসদের স্থায়ী কমিটির এক বৈঠক থেকে ওয়াকআউট করেন।
বৈঠকের সভাপতি ও বিএনপি সাংসদ আব্দুল করিম আব্বাসী বিতর্কিত ভাসানটেক আবাসন প্রকল্পের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তা উত্থাপন করলে আওয়ামী লীগের সাংসদ প্রমোদ মানকিন ও এনামুল হক জাতীয় পার্টির সাংসদ গোলাম হাবীব দুলালকে সাথে নিয়ে সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে আসেন।
ওয়াকআউটের পর কমিটির সদস্য ও জাতীয় পার্টির সাংসদ গোলাম হাবীব দুলাল সাংবাদিকদের বলেন, কমিটির চেয়ারম্যান দিনের মূল আলোচ্যসূচিকে পাশ কাটিয়ে গেছেন এবং শুধুমাত্র প্রকল্পটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্দেশ্যে হঠাৎ করে ভাসানটেক আবাসন প্রকল্পের বিষয়টি উপস্থাপন করেন। এর আগে ব্যাপক অনিয়মের প্রেক্ষিতে স্থায়ী কমিটি প্রকল্পটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ভূমি দস্যুরা উৎসাহিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগ সাংসদ এনামুল হক সাংবাদিকদের বলেন, কমিটির সদস্য ও ক্ষমতাসীন দলের সাংসদদের বিরুদ্ধে ভাসানটেক আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া সাংসদ প্রমোদ মানকিন ও গোলাম হাবীব দুলালও কমিটির ক্ষমতাসীন দলের সদস্যদের বিরুদ্ধে একই অভিযোগ করেন।
বিরোধী দলের সদস্যদের ওয়াকআউটের পর ক্ষমতাসীন দলের সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নুরুল হুদা ও আলী কদর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন এবং ভূমি মন্ত্রণালয়কে প্রকল্পটি বাস্তবায়নের কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দেন।
বৈঠকের পর অনিয়মের বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, স্থায়ী কমিটির এই নিষেধাজ্ঞা সরকার ও এসএনপিডিএল কোম্পানীর মধ্যে সাক্ষরিত চুক্তি সংশোধনের পথে বাধা হয়ে ছিল। আমরা এখন প্রকল্পটি নিয়ে পর্যালোচনা করতে পারবো।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার নগরীর ভাসানটেক এলাকায় দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য এসএনপিডিএল কোম্পানীর সাথে একটি চুক্তি সাক্ষর করে। কোম্পানীটি ২০০৪ সালের জুন মাস থেকে আবেদন ফরম বিক্রি শুরু করে। কিন্তু সরকারী কোষাগারে রাখার বদলে তারা ওই অর্থ নিজেদের হিসাবে জমা রাখে। এছাড়া কোম্পানী সেখানে অভিজাত বিপনী বিতানও নির্মাণ শুরু করে।
ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি পর্যালোচনার পর প্রকল্পটিতে ব্যাপক অনিয়ম চিহ্নিত করে এবং চুক্তিটিকে গণবিরোধী হিসেবে উল্লেখ করে। কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং অন্য সব সদস্য বিভিন্ন সময়ে প্রকল্পটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। কিন্তু মাহবুবুর রহমান বৃহস্পতিবার কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে আব্দুল করিম আব্বাসী বৈঠকে সভাপতিত্ব করেন।
