২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে বিশৃঙ্খলা তদন্তে কমিটি গঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা বিস্ফোরণ নিয়ে বিশৃঙ্খলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের চিহ্নিত করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

মঙ্গলবার রাতে উপাচার্যের বাড়িতে তালা লাগানো এবং বুধবার উপাচার্য কার্যালয় ভাঙচুরের ঘটনা তদন্ত করার জন্য বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে এ কমিটি গঠিত হয়। 

কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রধান করে এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ, সহকারি প্রক্টর অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রহমতউল্লাহ।

তবে অধ্যাপক রহমতউল্লাহ এ তদন্ত কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানান।

এদিকে মঙ্গল ও বুধবারের ঘটনায় প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানের পদত্যাগের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। অধ্যাপক রহমানের পদত্যাগের বিষয়টি সভায় উল্লিখিত হয়নি বলে সভার একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ সাংবাদিকদের বলেন, যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হলে হলে পুলিশ মোতায়েন করা হবে।

মঙ্গলবার রাতে জসীমউদ্দিন হলে বোমা বিস্ফোরনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীদের হাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আহত হয়। এ ঘটনার পর বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্য কার্যালয় ভাংচুর করে।  

উল্লেখ্য, ক্যাম্পাসে এগার দফায় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি।