বিচারপতি হাসানের প্রতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণে স্বেচ্ছায় অসম্মতি জানানোর আহ্বান
সাংবিধানিক সংকট নিরসনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ গ্রহণে স্বেচ্ছায় অসম্মতি জানানোর জন্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার দুপুর ২ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে দেশের বিরাজমান সংকটে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে সংলাপ ও সমাধানের লক্ষ্যে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার আমীরুল ইসলাম।
তিনি বলেন, বিচারকসুলভ মনোভাব নিয়ে বিচারপতি কেএম হাসান জনগণের আমানতের স্থানটি (যার সময়কাল শুধুমাত্র তিন মাস) যদি স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেন তবে ওই পদে অধিষ্ঠিত হওয়ার যে সম্মান তার চেয়ে অনেক সম্মানিত ব্যক্তি হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
ব্যারিস্টার আমীর আরও বলেন, বাংলাদেশে এমন একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠানটি যেমন টিকে যাবে, তেমনি টেকসই হবে গণতন্ত্র, টেকসই হবে তার নিজের ও বিচার বিভাগের ভাবমূর্তি এবং সেইসঙ্গে দেশের স্থিতিশীলতা ও সাংবিধানিক প্রক্রিয়াও বিপদের হাত থেকে রক্ষা পাবে।
তিনি বলেন, বিচারপতি হাসান দেশকে একটি বিপদ ও সংকট থেকে উদ্ধারের জন্য যত শিগগির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ গ্রহণে অসম্মতির সিদ্ধান্ত দেবেন দেশ ও গণতন্ত্রের জন্য ততই মঙ্গলজনক হবে।
ব্যারিস্টার আমীর বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সন্নিবেশিত করা হয়েছে। এর প্রধান শর্ত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টাদের দল নিরপেক্ষ হতে হবে। বিচারপতি হাসান নিজেকে দল নিরপেক্ষ ভাবলে চলবে না। জনগণ ও নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর বিবেচনায় তাকে দল নিরপেক্ষ হতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য বিচারপতি কে এম হাসানের বিভিন্ন অযোগ্যতার বিষয় তুলে ধরে ব্যারিস্টার আমীর বলেন, বিচারপতি হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি মুন্সীগঞ্জ থেকে নির্বাচিত হওয়ার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না দিতে পারার জন্য বিএনপি সরকার তাকে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠিয়েছিল।
তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের সঙ্গে কোন আলাপ ছাড়াই বিএনপি সরকারকে এম হাসানের মতো দলীয় ব্যক্তিকে বিচারক নিয়োগ দিয়েছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিচারপতি হাসান নিয়োগ পাওয়ার আগে তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছিলেন এমন প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। দুই বিচারপতিকে ডিঙ্গিয়ে পাঁচজনের আপীল বিভাগকে ডিঙ্গিয়ে সাতজনে পরিণত করে তাকে আপীল বিভাগে নিয়োগ দেয়া হয়। আপীল বিভাগের দু’জন বিচারপতিকে ডিঙ্গিয়ে তাকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়।
ব্যারিস্টার আমীর বলেন, মাহমুদুল আমীন চৌধুরী প্রধান বিচারপতি থাকাকালীন বিচারপতিদের বয়স বৃদ্ধির আলোচনা শুরু হলেও বিষয়টি ঝুলিয়ে রেখে কে এম হাসানকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাখার জন্য বিচারপতিদের বয়স বৃদ্ধি করে সরকার।
এভাবে দলীয় আনুক’ল্য প্রদান করে ও কুটকৌশলের আশ্রয় নিয়ে বিচারপতি হাসানের দল নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে। শেষ বেলায় হাসান বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে কুমিল্লায় মাজার জিয়ারত করে তার দলীয় পরিচয়কে নূতন করে দেশবাসীর কাছে জানিয়ে দিলেন।
এই প্রেক্ষিতে সংবিধানের সংজ্ঞা অনুযায়ী বিচারপতি কে এম হাসানের নেতৃত্বে কোন উপদেষ্টা পরিষদকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রতীয়মান হবে কিনা ব্যারিস্টার আমীর বিচারপতি হাসানের কাছে সে প্রশ্ন রাখেন।
সমিতির সভাপতি আরও বলেন, জাতি আজ এক সংকটের মুখোমুখি। গণতন্ত্র, সংবিধান, সাংবিধানিক ধারাবাহিকতা ও এদেশের ভাবমূর্তি সবকিছু নির্ভর করছে গ্রহণযোগ্য, অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের উপর। সরকারী দল ও বিরোধী দলীয় সংলাপের মাধ্যমে কাছাকাছি অবস্থানে আসার চেষ্টা করছেন। এ অবস্থায় কে এম হাসানের সামনে যে দায়িত্ব নেওয়ার বিষয় নিয়ে বিতর্ক উঠেছে বিচারক সুলভ মনোভাব থেকে প্রধান উপদেষ্টার পদটি প্রত্যাখ্যান করা ছাড়া একজন সাবেক প্রধান বিচারপতির আর কোন বিকল্প আছে কি?
কারণ বিচারক হিসাবে মামলা পরিচালনা করতে গিয়েও কোন পক্ষের সুবিচার পাওয়ার ক্ষেত্রে কোন সন্দেহ প্রকাশ পেলে ওই বিচারপতির বিব্রতবোধ করার রীতি রয়েছে। বিচারপতি হাসানের ক্ষেত্রে ১৪ দলসহ সকল বিরোধী দলই আপত্তি তুলেছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক এম আমিনউদ্দিন, সহ সভাপতি আবদুল মান্নান খান, সাবেক সভাপতি মাহবুবে আলম, বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন।
