জাতীয় ছাত্র সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠানে হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মঙ্গলবার জাতীয় ছাত্র সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠানে জাসদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের হামলায় একজন আহত হয়েছে। ছাত্র সমাজ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগ মুহূর্তে বটতলায় আয়োজিত ওই অনুষ্ঠানে হামলা চালানো হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় ছাত্র সমাজ ঢাবির বটতলায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখার সময় জাসদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা--কর্মীরা সভাস্থলে হামলা চালায়। এতে ছাত্র সমাজ কর্মী কামাল আহত হয়।
পরে ছাত্র সমাজ কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতার করে। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদা এম রশীদ।
ওই ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে।
