শুধু সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইফুর
বয়সের কারণে আগামী নির্বাচনে একটির বেশি আসন থেকে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের নীতি--নির্ধারকদের মধ্যে অন্যতম এই বর্ষীয়ান নেতা কথা প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থ মন্ত্রণালয়ে তার কার্যালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘একের অধিক আসন থেকে নির্বাচন করার ব্যাপারে বয়সই আমার প্রথম বাধা’। তিনি আরও বলেন, ‘আমি একমাত্র সিলেট-১ (সদর) আসনে নির্বাচন করব’।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগী সাইফুর রহমান বাংলাদেশের ইতিহাসে একমাত্র অর্থমন্ত্রী যিনি সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বৃহত্তর সিলেটে বিএনপির রাজনীতির নীতি--নির্ধারকও বলা চলে। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বিএনপির রাজনীতির নিয়ন্তা তিনি নিজেই।
কিন্তু সম্প্রতি তিনি বিএনপির ইলিয়াস আলী এমপির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানো ছাড়াও মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ারও সিদ্ধান্ত নেন। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
উল্লেখ্য, ২০০১ সালের সংসদ নির্বাচনে সাইফুর রহমান সিলেট--১ ও মৌলভীবাজার--৩ আসন থেকে নির্বাচিত হন। পরে মৌলভীবাজার--৩ আসনটি তার বড় ছেলে নাসের রহমানের জন্য ছেড়ে দেন।
