বাবরসহ ১৯৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করলেন বাহাউদ্দিন নাছিম (বিস্তারিত)
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাছিম।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বাবরসহ ৫০ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন তিনি।
এ নিয়ে চলতি সপ্তাহে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে দুটি মামলা দায়ের করা হলো।
হত্যার চেষ্টা এবং গুরুতর আঘাতের অভিযোগে দায়ের করা এই মামলার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এবিএম আবুল ফাত্তাহ ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২১ সেপ্টেম্বর ১৪ দল আহুত কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিমকে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এতে তিনি গুরুতর আহত হন।
গত ৪ অক্টোবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর বাহাউদ্দিন নাছিমকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে ব্যাপক নির্যাতন চালিয়েছিল। এ ঘটনায় নাছিম তখন পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং সেটি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু তারপর মামলাটি আর আলোর মুখ দেখেনি।
