রাজউকে নতুন নিয়োগ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হাতাহাতি
রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) বিরুদ্ধে সরকারের শেষ সময়ে আদালতের আদেশ অমান্য করে অর্থের বিনিময়ে নতুন নিয়োগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজউক কর্তৃপক্ষ গত রোববার বিভিন্ন পদে ২০০ জনকে নিয়োগ দেয়ার উদ্যোগ নিলে শ্রমিক ও কর্মচারীদের বাধার মুখে তা স্থগিত করতে বাধ্য হন।
এদিকে রাজউকের কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের পক্ষে - বিপক্ষে মিছিল করতে গিয়ে সোমবার সেখানে সরকার ও বিরোধী দল সমর্থক শ্রমিকদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে রাজউক চেয়ারম্যান এএম হারুন বিডিনিউজ২৪.কমকে জানান, আদালত থেকে যেসব পদে জনবল নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে সেসব পদে জনবল নিয়োগ বন্ধ রাখা হয়েছে। অন্যান্য পদে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হচ্ছে।
তিনি লোকবল নিয়োগের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালে রাজউকের কর্মকর্তা থেকে সুইপার পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মোট ৪১৩ জনকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা এ ব্যাপারে আদালতের আশ্রয় নিলে আদালত থেকে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
রাজউক কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে বেশ কয়েকজনকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে বলে শ্রমিক লীগ রাজউক শাখার সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মো: রফিক অভিযোগ করেছেন।
রোববার আবারো নতুন করে ২০০ জনের নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হলে শ্রমিক লীগ নেতা মালেক ও রফিকের নেতৃত্বে চাকরিচ্যুতরা রাজউক চেয়ারম্যান ও সচিবকে তাদের রুমে অবরুদ্ধ করে রাখেন।
এক পর্যায়ে চেয়ারম্যান এ এম হারুন অনির্দিষ্টকালের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করলে তিনি মুক্তি পান।
শ্রমিক কর্মচারীদের অভিযোগ, সরকারের শেষ সময়ে এখন রাজউক জুড়ে লুটপাটের বাণিজ্য চলছে। রাজউকে গত ৫ বছর ধরে সরকার সমর্থকরা নেতা-কর্মী ও প্রেষণে নিযুক্ত কর্মকর্তারা ব্যাপক লুটপাট করেছে।
সূত্র জানায়, তাদের হস্তক্ষেপে মতিঝিল, গুলশান, বনানী ও উত্তরাসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম করে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এতে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হলেও সংশ্লিষ্টরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। বেসরকারি প্রজেক্ট বনশ্রীতে রাজউক থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পূর্বাচলে ১৭০টি বাণিজ্যিক প্লট কাঠাপ্রতি নির্ধারিত মূল্যের কমে বিক্রি করার প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে।
রাজউকের বর্তমান পরিস্থিতি ও দুর্নীতি সম্পর্কে রাজউকের চেয়ারম্যান এ এম হারুন বলেন, রাজউকে কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ীই শাস্তির ব্যবস্থা করা হবে।
রাজউকের ২০ কোটি টাকা বেসরকারী প্রকল্পে বরাদ্দের বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী ওই টাকা বরাদ্দ দেয়ার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
এদিকে রাজউকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম এবং অবৈধ নিয়োগ শুরুর প্রতিবাদে সোমবার শ্রমিক লীগ রাজউকে প্রতিবাদ মিছিল করে। একই সময়ে নিয়োগ বন্ধের প্রতিবাদে পাল্টা মিছিল বের করে শ্রমিক দল।
মিছিলের একপর্যায়ে দুপক্ষই মুখোমুখি হলে তাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
