২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়েই নির্বাচন হবে: ইসি সচিব

বিএনপি ও আওয়ামী লীগের সংলাপের ফলাফল যা -- ই হোক না কেনো আগামী সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। নির্বাচন যথা সময়েই হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব আব্দুর রশীদ সরকার রোববার সাংবাদিকদের এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজসহ অন্য কমিশনারদের পদত্যাগের প্রশ্নে রশীদ সরকার বলেন দেশের স্বার্থে প্রয়োজন হলে সবারই আত্মত্যাগ করা উচিত।

তিনি আরো বলেন, দেশের স্বার্থে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমন কি রাজনৈতিক দলেরও আতœত্যাগ করতে হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব আব্দুর রশীদ সরকার বলেন, সংলাপ একটি রাজনৈতিক বিষয়, কে থাকবেন, আর কে থাকবেন না -- নির্বাচন অনুষ্ঠানের সাথে এর কোনো সম্পর্ক নেই। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই ভোট হবে।

তিনি জানান, রোববার জাতীয় অর্থনীতি পরিষদ ভবনের (এনইসি) সম্মেলন কক্ষে ভোটার তালিকা মূদ্রণ বিষয়ক দরপত্র আহ্বান সংক্রান্ত এক বৈঠক হয়। এতে বিভিন্ন মূদ্রণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সচিব নিজেসহ নির্বাচন কমিশন কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সচিব জানান,  এরই মধ্যে ভোটার তালিকা মূদ্রণের জন্য দরপত্র দেয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবর দেওয়া হচ্ছে কার্যাদেশ। দরপত্রে অংশগ্রহণকারীদের এক মাসের মধ্যে, অর্থাৎ ১৮ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা মূদ্রণের কাজ শেষ করতে হবে।

২০০১ সালের নির্বাচনে ভোটার তালিকা মূদ্রণের জন্য ৪৫ দিন সময় দেওয়া হলেও এবার এতো কম সময় দেওয়া হচ্ছে কেনো --  এ প্রশ্নের জবাবে আব্দুর রশীদ বলেন, এটি একটি সম্পূরক ভোটার তালিকা বলে এবার মূদ্রণের কাজ অনেক কম। মূল কাজটি কম্পিউটারের সিডিতে করতে হবে। ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়া-- সবই মূদ্রণ ব্যবসায়ীরা সিডিতে করে জমা দেবেন।

তিনি জানান, এবার সম্পূরক ভোটার তালিকা মূদ্রণের জন্য জনপ্রতি ভোটারের পেছনে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ টাকা ১০ পয়সা। ২০০০ সালে এর দর ছিল সাড়ে ৩ টাকা। তখন মূল ভোটার তালিকা ছাপতে হয়েছে বলে ব্যয় বেশী ধরা হয়।

২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুসারে এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।