চাঁদপুরে ছাত্রদলের এক পক্ষের মিছিলের উপর অপর পক্ষের হামলা, আহত ৭
হাজীগঞ্জ উপজেলায় শনিবার ছাত্রদলের একপক্ষের মিছিলে উপর অপর পক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন।
আহতরা হলেন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সজিব, ৩নং কালচোঁ ইউপি ছাত্রদলের সভাপতি মনির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য আলম, শাহীন, মিজান, মনির হোসেন এবং সম্রাট। তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে নবগঠিত ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটি হাজীগঞ্জ বাজারে আনন্দ মিছিল বের করে। পৌর চত্বর অতিক্রমকালে ছাত্রদলের অপর পক্ষ মিছিলে হামলা চালায়। এ সময় বাজারের উপস্থিত লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটিকে অবৈধ ও পকেট কমিটি আখ্যা দিয়ে ছাত্রদলের সাবেক উপজেলা ও পৌর কমিটি হাজীগঞ্জ বাজারে মিছিল মিটিং ও প্রতিবাদ সভা করে। এরপর ১ অক্টোবর তারা নবগঠিত কমিটির পাল্টা একটি কমিটি গঠন করে।
এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক কমিটি এবং বর্তমান পাল্টা কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন বেলাল নবগঠিত ছাত্রদলের মিছিলের উপর হামলার কথা স্বীকার করে বলেন, বর্তমান কমিটিকে কোন অবস্থাতেই তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
নবগঠিত কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির সুমন বলেন, সাবেক ছাত্রদল সভাপতি মো. বিল্লাল হোসেন কিছু ছাত্র ও সন্ত্রাসী দিয়ে মিছিলের উপড় হামলা চালায়।
