বিরোধীরা অরাজকতা সৃষ্টি করতে চায়: কিশোরগঞ্জে উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তুর স্থাপনের পর প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিএনপি উন্নয়ন চায়। কিন্তু বিরোধীদল লাঠি--বৈঠা নিয়ে মিছিলের মাধ্যমে দেশে অশান্তি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
জেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তুর স্থাপনের পর আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই দেশের উন্নয়ন হয়। আর ঠিক ওই সময় বিরোধী দল ধ্বংসাত্মক কার্যকলাপে মেতে উঠে। বিএনপি চায় একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে। আর বিরোধীদল চায় একটি বিশৃংখল জাতি হিসেবে আমাদের পরিচয় তুলে ধরতে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী কুলাউড়া থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জে আসেন এবং প্রথমেই তিনি নবনির্মিত স্টেডিয়ামের ফলক উন্মোচন করেন।
স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে ১০ একর জমির উপর নির্মাণ করা হয়েছে। এর পর প্রধানমন্ত্রী ৩ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত রেল ষ্টেশনের ফলক উন্মোচন করেন।
সবশেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০ কোটি টাকা ব্যায়ে কিশোরগঞ্জ ১০০ শয্যার আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নতকরণ ও পৌঁনে ৫ কোটি টাকা ব্যায়ে নার্সিং ইনষ্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এদিকে সমাবেশে সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু ও গণপূর্ত বিভাগের সাবেক তত্ত্বধায়ক প্রকৌশলী গোলাম মাহমুদ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান এমপি, নিকলী-বাজিতপুর আসনের সাংসদ মজিবুর রহমান মঞ্জু, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ্যাডভোকেট হাসনে আরা গিয়াস ডেইজী এমপি, ঢাকা মহনগর বিএনপির সাধারণ সম্পাদক আ. সালাম প্রমুখ।
