জোটের বৈঠক বর্জন করলো ইসলামী ঐক্যজোটের একাংশ
শায়খুল হাদীস আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুর রব ইউসুফী ক্ষমতাসীন চারদলীয় জোটের শরিক সংগঠনের মহাসচিবদের বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছেন।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বেইলি রোডের সরকারি বাসায় শনিবার দুপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে যোগ দেওয়ার পর ঐক্যজোটের অন্য একটি অংশের মহাসচিবের উপস্থিতির প্রতিবাদে তিনি এ ঘোষণা দেন।
পরে ইউসুফী সাংবাদিকদের জানান, বিএনপি মহাসচিবের আমন্ত্রণ পেয়ে তিনি ওই বৈঠকে যোগ দেন। কিন্তু এতে তাদের প্রতিপক্ষ মওলানা ইমদাদুল হক আড়াইহাজারির নেতৃত্বাধীন ঐক্যজোটের মহাসচিব আহমদ আবদুল কাদেরও যোগ দিয়েছেন। ওই অংশের কোন নেতা থাকলে তিনি বা তাদের নেতৃত্বাধীন অংশ বৈঠকে যোগ দেবেন না।
সংস্কার প্রশ্নে আওয়ামী লীগের সাথে সংলাপের বিষয়ে জোটের শরীকদের মতামত নিতে ওই বৈঠক আহ্বান করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। এতে আরও অংশ নেন জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, বিজেপির দুই অংশের মহাসচিব সাইফুর রহমান ও এবিএম গোলাম মোস্তফা এবং ইসলামী ঐক্যজোটের অন্য দুই অংশের মহাসচিব আব্দুল লতিফ নেজামী ও আহমদ আবদুল কাদের।
