সংলাপ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দিনভর চাপা উত্তেজনা, দফায় দফায় বৈঠক
বিএনপি ও আওয়ামী লীগের সংলাপ নিয়ে বৃহস্পতিবার দিনভর নির্বাচন কমিশন সচিবালয়ে ছিল চাপা উত্তেজনা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ অন্য তিন নির্বাচন কমিশনারকে নিয়ে দফায় দফায় বৈঠক করেন। এমনকি তিনি প্রথা ভঙ্গ করে সর্বকনিষ্ঠ কমিশনার মাহমুদ হাসান মনসুরের কক্ষেও বৈঠকে বসেন। তবে এসব বৈঠকে তারা কেউই সংলাপ নিয়ে কোনো আলোচনা করেননি বলে দাবি করেন।
সংলাপের শর্ত মেনে সিইসি পদত্যাগ করতে যাচ্ছেন কি না-- বিচারপতি আজিজ এ প্রশ্নের জবাব আবারো এড়িয়ে যান।
সিইসি প্রথম দফায় সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়াকে নিয়ে দীর্ঘ বৈঠক করেন। এতে অপর নির্বাচন কমিশনার হাসান মনসুর যোগ দেননি।
এই বৈঠক সম্পর্কে বিচারপতি মাহফুজ সাংবাদিকদের বলেন, ‘সংলাপ নিয়ে আলোচনার কিছু নেই, তাই আমরা এ বিষয়ে কোনো আলাপ করিনি।’
তিনি রাজনৈতিক সংলাপ নিয়ে মন্তব্য করেন, ‘সংলাপ হচ্ছে, হোক; দেখা যাক কি হয়।’
তারা কি বিষয় নিয়ে বৈঠক করেছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি বন্ধু থাকলে গল্প করতে যান না? সে রকম গল্প করতে গিয়েছিলাম।’
এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ সরাসরি করেন কমিশার সম জাকারিয়া ভোট করচুপির ষড়যন্ত্রের সাথে জড়িত। বৃহস্পতিবার তিনি অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হতেই চাননি। তার একান্ত সচিব স্পষ্ট বলে দেন, ‘স্যার কথা বলবেন না।’
দ্বিতীয় দফায় বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা ১০ মিনিট পর্যন্ত সিইসি হাসান মনসুরের কক্ষে অপর দুজন কমিশনার নিয়ে বৈঠক করেন। এতে সচিব আব্দুর রশীদ সরকারও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিইসিকে গাড়ি বারান্দায় সংবাদিকরা ঘিরে ধরেন। দিনভর বৈঠক সম্পর্কে তিনি বলেন, ভোটার তালিকা মূদ্রণ সংক্রান্ত প্রাক--দরপত্র আহ্বানের বিষয়ে আলোচনা হয়েছে।
সংলাপের ধারাবাহিকতায় আপনি পদত্যাগ করতে যাচ্ছেন কি না-- এ প্রশ্নের জবাবে সিইসি মন্তব্য করেন, ‘আপনাদের এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের কোনো মিল নেই।’ এরপর তিনি তড়িঘড়ি করে গাড়িতে উঠে চলে যান।
নির্বাচন কমিশনার হাসান মনসুর প্রথমে সাংবাদিকদের সাক্ষাত দিতে চাননি। পরে গাড়ি বারান্দায় তিনি বলেন, ‘আজকে কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। আমি যেহেতু খুব অল্পদিন হল নির্বাচন কমিশনে যোগ দিয়েছি, তাই সিইসি কার্টিসি ভিজিটে আমার কক্ষে এসেছিলেন।’
তিনি জানান, তবু তারা আগামী রোববার ভোটার তালিকা মূদ্রণের জন্য প্রাক--দরপত্র আহ্বান এবং পরদিন সোমবার নির্বাচনী আইন--শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের দিন নির্ধারণ করেছেন।
সংলাপ ও নির্বাচন কমিশনারদের পদত্যাগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেনি।
