২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিগঞ্জে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মাত্র দেড় ঘন্টার সফর

দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং একটি জনসভার কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার মাত্র দেড় ঘন্টার এক সফরে কালিগঞ্জ আসছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিকেল ৩ টায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাসহ দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম কালিগঞ্জের কাকশিয়ালি নদীর উপর নির্মিত খানবাহাদুর আহসানউল্লাহ (র:) সেতু উদ্বোধন করবেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ১৬১ দশমিক ৬৪ মিটার দীর্ঘ ও ৯০৫০ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণ করেছে। তিনি পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়িত ৪ কোটি টাকা ব্যয়ে কালিগঞ্জ--আশাশুনি ২০ কিলোমিটার সংযোগ সড়কের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী পরে স্থানীয় সামাদ স্মৃতি ময়দানে চার দলীয় জোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভায় সভাপতিত্ব করাকে কেন্দ্র করে গত কয়েক দিন কালিগঞ্জে উত্তেজনা দেখা দিলেও বুধবার রাতে বিএনপির উর্দ্ধতন নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জনসভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সাংসদ কাজী আলাউদ্দীন।