২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত করতে দেশবাসীর প্রতি স্পিকারের আহ্বান

জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের সমাপনী অধিবেশনে বুধবার স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার আগামী নির্বাচনে উপযুক্ত প্রতিনিধিদের নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তিনি এই অধিবেশনকেই বর্তমান সংসদের সর্বশেষ অধিবেশন হিসেবে উল্লেখ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে উপযুক্ত জনপ্রতিনিধি বিজয়ী হলে তারা দেশ ও জাতির স্বপ্ন পূরণ ও কল্যাণে অবদান রাখতে পারবেন।

এ সময় তিনি তার সময়ে সংসদের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

স্পিকার জানান, বর্তমান সংসদের ২৩ অধিবেশনে মোট ১৮৫টি আইন পাস হয়েছে। এর মধ্যে মাত্র একটি বেসরকারি বিল এবং অন্য ১৮৪টিই সরকারি বিল। সরকারি বিলগুলোর মধ্যে ‘সংবিধান (চতুর্দশ সংশোধনী) আইন, ২০০৪’ ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’ ‘গ্রাম সরকার আইন, ২০০৩,  ‘কর ন্যায়পাল আইন, ২০০৫’ উল্লেখযোগ্য।

তিনি জানান, বর্তমান সংসদে মাত্র দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলের অনুপস্থিতিতে এবং ডেনমার্কের পত্রিকায় মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে সর্বসম্মত আলোচনা হয়।