শর্ত দিয়ে নয়, খোলা মন নিয়ে আসুন, আলোচনায় বসে সমস্যার সমাধান করুন: সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধী দল আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘বিরোধী দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বাহানা করছে। তাই মহাসচিব পর্যায়ে আলোচনা প্রস্তাবে রাজী হয়েছি।
কিন্তু তারা বারবার শর্ত দিয়ে আলোচনার পরিবেশ নষ্ট করছে। শর্ত দিয়ে নয়, খোলা মন নিয়ে আসুন, আলোচনায় বসে সমস্যার সমাধান করুন।
তিনি আরো বলেন, তারা সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতের সাথে আলোচনা করতে চান না। কিন্তু বিদেশীদের সাথে নিয়ে তাদের ঘরে বসে আলোচনা করতে চান। আলোচনার নামে তাদের ওই নাটক কোন দেশ প্রেমে পড়ে?
অষ্টম জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনের সমাপনী দিনে বৃহস্পতিবার সংসদে দেয়া সমাপনী ভাষণে তিনি একথা বলেন।
স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদে দেয়া ভাষণের শুরু থেকেই প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের অতীত ও বর্তমান কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ’৭১ - এ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু এরপর বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। সাধারণ মানুষ এসব আঘাত মানেনি, তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র অর্জন করেছে। গণতন্ত্রের জন্যই বাংলাদেশের সৃষ্টি, গণতন্ত্রই এ রাষ্ট্রের প্রাণশক্তি।
তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির মাত্র সাড়ে তিন বছর পর ’৭৫ সালে একদলীয় শাসন চালু করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সব দল নিষিদ্ধ করে দেশে একটি মাত্র দল রাখা হয়েছিল। তখনকার শাসকগোষ্ঠীর একটি অংশ দেশে বেসামরিক নির্দেশে সামরিক শাসন চালু করেছিল। জিয়াই দেশে রাজনীতি ফিরিয়ে আনে, দলগুলো পুনরুজ্জীবিত করেন, নির্বাচন দেন এবং ধাপে ধাপে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
খালেদা জিয়া ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার প্রধান লতিফুর রহমান ও রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহম্মেদকে নিয়ে বিরোধী দলের মন্তব্যেরও সমালোচনা করেন।
তিনি বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ কারো সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেনি। আমাদের আপত্তি অগ্রাহ্য করে নির্বাচন কমিশন গঠন করেছিল। কিন্তু এখন তারা বলছেন সংবিধান অনুযায়ী সবকিছু হবে না। আওয়ামী লীগ ঠিক করে দেবে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর কে হবে প্রধান নির্বাচন কমিশনার। সংবিধান অনুযায়ী যার হওয়ার কথা তিনি বিশ্বাসযোগ্য হবেন না, কিন্তু আওয়ামী লীগ যাকে ঠিক করে দেবে তিনি নিরপেক্ষ হবেন, এটা কেমন কথা।
বিরোধী দলের অভিযোগ খন্ডন করে তিনি বলেন, দেশে এখন কারচুপি করে নির্বাচনে জেতার দিন শেষ হয়ে গেছে। জনগণ এখন তাদের অধিকার বিষয়ে অনেক বেশি সজাগ। বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টির জন্য অনেক কথা বলা যায়, কিন্তু নীল নকশার বা সাজানো ছকে নির্বাচন করে জয়ী হওয়া সম্ভব নয়। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, প্রচার মাধ্যম ও দেশী - বিদেশী পর্যবেক্ষকদের এড়িয়ে ভোটের ফলাফল বদলে ফেলা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী গত পাঁচ বছরে তার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং দুর্নীতির বিষয়ে কোন কথা বলেননি। তবে বিদ্যুত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে বিদ্যুতের অনেক লাইন দেয়া হয়েছে। ব্যাপক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় দেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও সুউচ্চ ভবন তৈরি হয়েছে। এসবের জন্য বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়েনি। উন্নয়ন বাড়ানোর ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার আমলেও আন্দোলন অব্যাহত রাখতে বিরোধী দলের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক হলেও তাদের নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। সমঝোতা আমাদের সাথেই করতে হবে। তাই সময় ফুরিয়ে যাচ্ছে, সমঝোতার প্রয়োজন থাকলে আলোচনায় বসুন, সমঝোতার পথে আসুন। হুমকির ভাষা বহাল রাখলে সমঝোতার সুযোগ কোথায়?
