২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে বিএনপির প্রতিশ্র“তি হলো দুর্নীতি দমন ও বিদ্যুৎ সঙ্কট নিরসন: নরসিংদীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, গত পাঁচ বছরে দেশব্যাপী বিদ্যুৎ সম্প্রসারণ, নতুন নতুন শিল্প - কারখানা প্রতিষ্ঠা এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সুউচ্চ ভবনে সংযোগ বেড়ে যাওয়ায় ব্যাপক চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু বিরোধী দল এটাকে ইস্যু করে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে দেশের ক্ষতি করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

দেশের জনগণ ব্যাপক চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতির বিষয়টি মেনে নিলেও বিরোধী দল এটাকে ইস্যু করছে।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রধান নির্বাচনী প্রতিশ্র“তি ছিল সন্ত্রাস দমন। বিএনপির নেতৃতাধীন জোট সরকার নির্বাচনী ওয়াদা অনুযায়ী সন্ত্রাস দমনে সফল হয়েছে। আগামী নির্বাচনে বিএনপির অন্যতম প্রতিশ্র“তি হলো দুর্নীতি দমন ও বিদ্যুৎ সঙ্কট নিরসন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে নরসিংদীর মনোহরদী ডিগ্রী কলেজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দানকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দল জনগণের অধিকার খর্ব করতে চায়। তারা বলে তাদের তথাকথিত দাবী না মানলে দেশে কোন ও নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলে বিরোধী দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপি দলীয় জোটকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় বসাবে।

অর্থাৎ তারা আজ ভোটের অধিকার ও গণতন্ত্র নস্যাৎ করতে চায়। তিনি বলেন, কোন ব্যক্তি বা দল নির্বাচনে অংশ না নিতে পারে এটা তাদের ইচ্ছা। কিন্তু কোন ব্যক্তি বা দল নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকদের ভোটাধিকার হরণ করতে পারে না।

সংবিধান অনুযায়ী দেশে যথা সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। জায়গা জমি দখল হয়েছে। আওয়ামী লীগ বিদেশে গিয়ে দেশের বদনাম রটায়। অর্থনীতি ধ্বংস করার জন্য জ্বালাও পোড়াও শুরু করেছে।

তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আগামী ২/৩ সপ্তাহ পর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা সারা দেশে উন্নয়ন করেছি। মানুষের আস্থা আমাদের প্রতি রয়েছে। আগামীতেও বিএনপি ক্ষমতায় আসবে।

প্রধানমন্ত্রী নরসিংদী - ৪ (মনোহরদী - বেলাব) আসনের সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুলকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেন।

মনোহরদী থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ তোফাজ্জাল হোসেন শাজাহান এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সরদর শাখাওয়াত হোসেন বকুল, খায়রুল কবির খোকন, রোকেয়া আহমেদ লাকী, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, জেলা বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ইরান, মো. তোফাজ্জল হোসেন, মিঞা মোহাম্মদ সেলিম, দীল আহম্মদ দিলু, অধ্যক্ষ শব্দর আলী, সরদার তোফাজ্জল হোসেন প্রমুখ।

প্রধানমন্ত্রী প্রথমে আড়িয়াল খাঁ সেতু উদ্বোধন করেন ও পরে তিনি মনোহরদী পৌছে পৌরভবন, ডাকবাংলো, হাসপাতালের ২০ শয্যা বর্ধিত করন প্রকল্পের উদ্বোধন করেন।

এদিকে স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে প্রধানমন্ত্রীর ভাষণে আগে কলেজ সংলগ্ন একটি মসজিদ ধসে শতাধিক ব্যক্তি আহত হয়।

এ ছাড়া জনসভায় ব্যাপক বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। জেলা তথ্য কর্মকর্তার অসহযোগিতার কারণে স্থানীয় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেননি। প্রধানমন্ত্রীসহ সভার ছবি তুলতেও তাদের বাধা দেওয়া হয়।