সানি ও আওয়াল আপিল করেছে: ছয় জঙ্গির মৃত্যুদণ্ড স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি এবং মজলিশ-এ-শূরা সদস্য আবদুল আওয়ালের ফাঁসির কার্যক্রম স্থগিত হয়ে গেছে।
মঙ্গলবার দুজনের ‘জেল আপিল’ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসে পৌছার পর তা নথিভুক্ত করা হয়। পরে আদালত তাদের ফাঁসি কার্যকরে স্থগিতাদেশ দেয়।
এ নিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির ছয় জনই আপিল করলো। ফলে বর্তমান সরকারের আমলে তাদের ফাঁসি কার্যকর দূরে থাক চূড়ান্ত বিচারও সম্ভব নয় বলে জানিয়েছে আদালত সূত্র।
খালেদা জিয়ার বিএনপি সরকারের মেয়াদ শেষ হবে ২৭ অক্টোবর।
মঙ্গলবার দুপুর ১ টায় আতাউর রহমান সানি এবং আউয়ালের হাতে লেখা দুটি চিঠি জেল পিটিশন হিসেবে নথিভুক্ত করা হয় (নথি নম্বর ৯ ও ১০)। আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি প্রিজন এবং অ্যাটর্নি জেনারেল অফিসে তাদের মৃত্যুদণ্ড স্থগিত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ের পরে দেওয়া এ আপিল গ্রহণযোগ্য কি-না এ প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ ফজুলল করিম বলেন, এ দুইজন ১ অক্টোবরই কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন করেছিলেন। সরকারি ছুটি থাকায় তা সুপ্রিম কোর্টে আসতে দেরি হয়।
তিনি জানান, এসব আবেদন গৃহীত হবে কি-না তা আদালতই নির্ধারণ করবেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজাক খান বলেন, গ্রহণযোগ্যতার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন। উপযুক্ত কারণ দেখালে আদালত বিলম্ব ক্ষমাও করতে পারেন। আর সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী আবেদন নির্দিষ্ট বিভাগে আসলে ফাঁসির আদেশ কার্যকর করার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যায়।
ডিআইজি প্রিজন্স, ঢাকা বিভাগ, মেজর শামসুল হায়দার সিদ্দিকি বলেন, আবেদন করবে না বলে আবদুল আওয়াল এর আগে যে চিঠি লিখেছিল তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ১ অক্টোবর লেখা চিঠিতে আউয়াল আপিলের কথা বলেছেন।
হেলালউদ্দিন মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত জঙ্গিদের সবাই আপিল করেছে বলে সাময়িকভাবে তাদের সবার ফাঁসি স্থগিত হয়েছে। ১৫-১৯ অক্টোবর আপিল বিভাগে এসব আবেদনের শুনানি হবে। আপিল গৃহীত না হলে সরকারের মেয়াদেই ফাঁসি কার্যকর সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
এর আগে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও তার প্রধান সহযোগি বাংলা ভাই প্রচলিত আদালতে আপিল করবে না বলেও স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দেওয়ার পর আদালত তা আপিল হিসেবে গণ্য করে। আবদুল আউয়ালও লিখিত জানিয়েছিল যে সে ‘মানুষের তৈরি’ আদালতে আপিল করবে না।
শুরা সদস্য খালেদ সাইফুল্লাহ এবং বোমা বিশেষজ্ঞ ইফতেখার আল মামুন ইতোমধ্যে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছে। অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত সদস্য আসাদুল ইসলাম আরিফ এখনও পলাতক রয়েছে।
গত ৩১ আগস্ট হাইকোর্ট জেএমবি এর শীর্ষ সাত জঙ্গির মৃত্যুদন্ডাদেশ নিশ্চিত করে।
