২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় যুবদল ক্যাডারদের হামলায় যুবলীগ নেতা আহত, বিক্ষোভ

কচুয়ায় রোববার রাতে ক্ষমতাসীন বিএনপি ও যুবদল ক্যাডারদের হামলায় উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক কামরুল হাসান ওরফে কচি শিকদার আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

জেলা বিএনপি সভাপতি ও স্থানীয় সাংসদ এমএএইচ সেলিমের নির্বাচনী এলাকা কচুয়ায় রোববার রাতে পূজামণ্ডপ পরিদর্শণের সময় শহরের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ সোমবার বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেছে। এছাড়া এ বিষয়ে তারা মঙ্গলবার জেলা প্রশাসককে স্মারক লিপি দেবে।

বাগেরহাট প্রেসক্লাবে সোমবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার জন্য জেলা বিএনপি সভাপতি এমএএইচ সেলিমকে অভিযুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাংসদ সেলিমের উপস্থিতিতে কচুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজরা আসাদুজ্জামান পান্নার নির্দেশে কচির উপর এই হামলা চালনো হয়। কচিকে তারা লাঠি ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি প্রহার এবং আওয়ামী লীগ নেতা--কর্মীদের এলাকা ছাড়ার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক রাধারমণ শিকদার। এসময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, কচুয়া আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক মাহফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী লীগ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে প্রেসক্লাবের সামনে  সমাবেশ করে।

এদিকে যুবলীগ সভাপতি কচিকে প্রহারের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাংসদ এমএএইচ সেলিম বলেছেন, আওয়ামী লীগ বরাবরের মত আবারো মিথ্যাচার করছে।